মাদকবিরোধী বার্তায় বালিয়াকান্দীতে বিবাহিত-অবিবাহিতদের ফুটবল লড়াই
- প্রকাশের সময় : ০৯:১৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- / 5
‘মাদক নয়, মাঠের খেলাই হোক তরুণদের বিনোদন ও সুস্থ জীবনের পথ’—এমন বার্তা ছড়িয়ে দিতে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নে বিবাহিত ও অবিবাহিতদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ৯০ মিনিটের এ খেলায় ১-০ গোলে বিবাহিত একাদশকে হারিয়েছে অবিবাহিত একাদশ।
‘মাদক ছাড়ি, মাঠে আসি, সুস্থ-সুন্দর সমাজ গড়ি’ স্লোগান সামনে রেখে শুক্রবার (২ অক্টোবর) বিকেলে বাড়াদী (বহরপুর) রেলওয়ে ফুটবল মাঠে স্থানীয় যুবকদের উদ্যোগে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা দেখতে মাঠে বিভিন্ন বয়সী দর্শকের সমাগম ঘটে। এতে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
শুরু থেকেই দুই দলের মধ্যে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। গোলের জন্য উভয় দল মরিয়া হয়ে খেললেও শেষ পর্যন্ত অবিবাহিত একাদশের একটি গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে। রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন মিঠুন।
আয়োজকরা বলেন, মাদকের বিরুদ্ধে শুধু সভা-সমাবেশ বা প্রচারণা যথেষ্ট নয়; তরুণদের জন্য সুস্থ বিনোদন ও খেলাধুলার সুযোগও তৈরি করতে হবে। এ চিন্তা থেকেই ব্যতিক্রমী এ ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।
আয়োজক মো. শাকিব মোল্লা, আবির মোল্লা, নজরুল ইসলাম, সুজন মল্লিক, আব্দুল হালিম মল্লিক ও নাঈম হোসেন বলেন, মাদকের কারণে পরিবার ও সমাজ ক্ষতিগ্রস্ত হয়। তাই তরুণদের নেশা থেকে দূরে রাখতে তাদের মাঠমুখী করার উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়মিত খেলাধুলা শরীর ও মন সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলা, সহযোগিতা ও নেতৃত্বের মানসিকতা গড়ে তুলতে সহায়তা করে।
আয়োজকরা জানান, ইসলামপুর ইউনিয়নের যুবসমাজকে সম্পৃক্ত করে ভবিষ্যতেও মাদকবিরোধী প্রচার, খেলাধুলা ও সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।




















