জাতীয় সবুজ মিশন চালুর ঘোষণা দিলেন তারেক রহমান
- প্রকাশের সময় : ১১:০০:০২ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
- / 103
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় সবুজ মিশন চালুর ঘোষণা দিয়েছেন।
রোববার (৫ অক্টোবর) রাতে এক ফেসবুক পোস্টে তিনি এই পরিকল্পনার কথা জানান।
তিনি বলেন, “আমরা একটি জাতীয় সবুজ মিশন চালু করব, ২৫ কোটি গাছ রোপণ করব, নদী পুনরুদ্ধার করব, বর্জ্যকে সম্পদে রূপান্তর করব, কৃষিকাজ আধুনিকীকরণ করব, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করব এবং যুবসমাজের জন্য সুযোগ তৈরি করতে সমুদ্র অর্থনীতি সম্প্রসারণ করব। আমরা ঢাকা-কেন্দ্রিক প্রবৃদ্ধি বন্ধ করব এবং আধুনিক, সুপরিকল্পিত শহর গড়ে তুলব যাতে প্রতিটি অঞ্চল উন্নত হয় এবং প্রতিটি নাগরিক উপকৃত হয়।”
তারেক রহমান আরও বলেন, “একটি বাড়ি একটি মৌলিক মানবাধিকার। আমাদের সকলেরই এমন একটি বাড়ি প্রাপ্য যা নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সুরক্ষিত। গ্রাম, শহর, নদী ও বন—সবই আমাদের অভিন্ন আবাসস্থল। টেকসই উন্নয়ন ছাড়া আমরা একটি সমৃদ্ধ জাতি গড়ে তুলতে পারব না।”
বিশ্ব বাসস্থান দিবসে বিএনপির ৩১ দফা পরিকল্পনাকে টেকসই উন্নয়নের রোডম্যাপ হিসেবে তুলে ধরেন তিনি। এর মধ্যে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষা (দফা ২৯) এবং পরিকল্পিত ও সুষম নগরায়ণ ও বিকেন্দ্রীকরণ (দফা ৩১)–এই দুই বিষয়ে বিশেষ গুরুত্ব দেন তারেক রহমান।
তিনি অঙ্গীকার করেন, বিএনপি সরকার আবাসস্থল ও ভবিষ্যৎ রক্ষা করবে। একই সঙ্গে একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।






















