গাজা শহর ত্যাগের নির্দেশ জারি, কয়েক ঘণ্টা ধরে বিমান হামলা

- প্রকাশের সময় : ০৯:৩৪:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
- / 97
ফিলিস্তিনের গাজা শহর খালি করতে নতুন করে নির্দেশ দিয়েছে ইসরায়েল। এরই মধ্যে শহরটিতে পূর্ণমাত্রায় বিমান হামলা চালানো হচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সতর্ক করে বলেছেন, গাজা শহরে যারা রয়ে যাবে, তাদের হামাসের সমর্থক হিসেবে গণ্য করা হবে।
গতকাল বৃহস্পতিবার সারাদিনের হামলায় অন্তত ৩৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘের হিসাবে এ পর্যন্ত প্রায় চার লাখ মানুষ গাজা শহর ছেড়ে পালিয়েছে। তবে লাখ লাখ মানুষ এখনও শহরে রয়ে গেছেন, যাদের অনেকে আর্থিক অক্ষমতার কারণে কিংবা দক্ষিণাঞ্চলের অনিরাপদ পরিস্থিতির কারণে যেতে পারছেন না। দক্ষিণে থাকা তাঁবু শিবিরে পর্যাপ্ত খাদ্য ও দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্রের অভাব থাকায় সেখানেও অনেকে আশ্রয় নিতে ভয় পাচ্ছেন।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ মাসে ইসরায়েলি হামলায় ৬৬ হাজারের বেশি মানুষ নিহত এবং এক লাখ ৬৮ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। এছাড়া এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
মানবিক সংকট এখন চরমে পৌঁছেছে। আন্তর্জাতিক মানবিক সংস্থা রেড ক্রস ও ডক্টরস উইদাউট বর্ডার্স গাজায় কার্যক্রম স্থগিত করেছে। সাংবাদিকরাও ইসরায়েলি হামলার শিকার হচ্ছেন। ফিলিস্তিনি সাংবাদিক ইউনিয়নের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত ১৮৯ জন সাংবাদিক নিহত হয়েছেন।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা গাজা শান্তি পরিকল্পনা নিয়ে পর্যবেক্ষণ চালাচ্ছে হামাস। তারা মিসর ও কাতারের কাছে আরও সময় চেয়েছে। মধ্যস্থতাকারী মিসর ও কাতারও জানিয়েছে, প্রস্তাবের কিছু বিষয়ে আরও আলোচনা প্রয়োজন।
বাস্তুচ্যুত গাজার মানুষরা বলছেন, তারা সবকিছু ফেলে প্রাণ নিয়ে দৌড়াচ্ছেন। এক বাস্তুচ্যুত নারী বলেন, “আমরা খাবার, আসবাব, কম্বল সব ফেলে শুধু প্রাণটা নিয়ে দৌড়াচ্ছি।”






















