নেই পর্যাপ্ত টিটিই
রাজবাড়ী রেলওয়ে সেকশনের ১৪ স্টেশন বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

- প্রকাশের সময় : ০৩:২৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
- / 425

জনবল সংকটে রাজবাড়ী রেলওয়ে সেকশনের বেশ কয়েকটি স্টেশন দীর্ঘদিন বন্ধ রয়েছে। কিছু স্টেশনে টিকিট বিক্রি হয়। আবার কিছু স্টেশনে সে সুযোগও নেই। স্টেশন বন্ধ থাকায় প্রতিনিয়তই দুর্ভোগে পড়েন যাত্রীরা। টিকিট কাটার সুযোগ না থাকায় এবং পর্যাপ্ত টিটিই না থাকার সুযোগে বিনা ভাড়ায় অনেকেই রেল ভ্রমণের সুযোগ পেয়ে যাচ্ছে। এতে করে রাজস্ব হারাচ্ছে সরকার। অন্যদিকে বন্ধ থাকা স্টেশনে ক্রসিং দিতে না পারায় সামনে অথবা পেছনের স্টেশনে ট্রেনগুলোকে বসিয়ে রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। যেকারণে নির্ধারিত সময়ের থেকে কখনও এক ঘণ্ট কখনও দুই ঘণ্টা বিলম্বে গন্তব্যে পৌঁছায় ট্রেনগুলো।
রাজবাড়ী রেলওয়ে সূত্র জানায়, রাজবাড়ী-গোয়ালন্দ ঘাট, রাজবাড়ী-পোড়াদহ, রাজবাড়ী-ভাঙ্গা, রাজবাড়ী-ভাটিয়াপাড়া, রুটে প্রতিদিন সাটল ও রাজবাড়ী এক্সপ্রেস নামে দুটি ট্রেন চলাচল করে। এছাড়া খুলনা-ঢাকা-খুলনা রুটে বেসরকারি নকশী কাঁথা এক্সপ্রেস মেইল ট্রেন, রাজশাহী-ঢাকা আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস, বেনাপোল-ঢাকা আন্তঃনগর বেনাপোল এক্সপ্রেস, খুলনা-ঢাকা আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেন রাজবাড়ীর উপর দিয়ে চলাচল করে। জনবল সংকটের কারণে দীর্ঘ ৫ বছরেরও বেশি ধরে রাজবাড়ী রেলওয়ে জোনের সূর্যনগর, বেলগাছি, মাছপাড়া, গোয়ালন্দ বাজার, খানখানাপুর, বসন্তপুর, বাখুন্ডা, তালমা, পুকুরিয়া, রামদিয়া, বহরপুর, নলিয়া জামালপুর, সাতৈর, ভাটিয়াপাড়া স্টেশনগুলোতে মাস্টার নেই। এগুলোর মধ্যে সূর্যনগর, মাছপাড়া, বেলগাছি, গোয়ালন্দ বাজার, বসন্তপুর, বাখুন্ডা, রামদিয়া এ স্টেশনগুলোতে টিকিট বিক্রিরও ব্যবস্থা নেই। আন্তঃনগর ছাড়া অন্য সব ট্রেন এসব স্টেশনে থামছে। যাত্রীও ওঠনামা করছে। সমস্যা দাঁড়াচ্ছে স্টেশনগুলো বন্ধ থাকায় সুবিধামতো ট্রেনের ক্রসিং দিতে না পারায়। রাজবাড়ীতে প্রায় একই সময়ে তিনটি ট্রেন এসে দাঁড়াচ্ছে। ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনটি ভাঙ্গা থেকে রাজবাড়ী এসে পৌঁছানোর কথা বেলা ১১টায় এবং ছেড়ে যাওয়ার কথা ১১টা ১১ মিনিটে। রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনের রাজবাড়ী আসার কথা ১০টা ৫০ মিনিটে এবং ছাড়ার কথা ১১টা ৫ মিনিটে। ঢাকা থেকে খুলনাগামী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেন সাড়ে ১০টায় পৌঁছে ১০টা ৪০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা। এখানে আন্তঃনগর এক্সপ্রেস দুটিকে অগ্রাধিকার দিতে গিয়ে ভাটিয়াপাড়াগামী রাজবাড়ী এক্সপ্রেস ট্রেনটিকে কখনও ফরিদপুর, কখনও পাঁচুরিয়া আবার কখনও রাজবাড়ীতে বসিয়ে রেখে পার করা হয় আন্তঃনগর ট্রেন। ফলে এক থেকে দেড় ঘণ্টা ট্রেনের ভেতরে অপেক্ষা করতে হয় যাত্রীদের। একই অবস্থা ঘটে বিকেলেও। পোড়াদহগামী সাটল ট্রেনের ৪টা ৩৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও বেশিরভাগ দিনেই তা হয়না। ঢাকাগামী বেনাপোল সাড়ে পাঁচটায় এসে ছাড়ে ৫টা ৫০মিনিটে, রাজশাহীগামী মধুমতি ট্রেন পৌনে ছয়টার এসে ছয়টা ৫মিনিটে ছাড়ে। অন্যদিকে ভাটিয়াপাড়া থেকে ভাঙ্গাগামী রাজবাড়ী এক্সপ্রেস ৬টায় এসে ৬টা ১০ মিনিটে ছাড়ার। এখানেও সুবিধামতো স্টেশনে ক্রসিং করতে না পারার কারণে লোকাল ট্রেন দুটিকে অপেক্ষা করতে হয়।
অপরদিকে কিছু স্টেশনে টিকিট কাটার সুযোগ না থাকায় বিনা ভাড়ায় অনেকেই রেল ভ্রমণের সুযোগ পেয়ে যাচ্ছে। একটি ট্রেনে কখনও একজন কখনও দুজন টিটিই থাকেন। যাদের পক্ষে পুরো পাঁচটি বগির সব যাত্রীকে নজরদারি করা সম্ভব হয়ে ওঠেনা। কখনও যাত্রীরা টাকা দিয়েও টিকিট পাননা। কারণ, ৯০ টাকার নিচে কাগজের টিকিট দেওয়া যায়না। এনিয়ে কখনও কখনও টিটিইদের সাথে যাত্রীগদের বাগবিতন্ডার সৃষ্টি হয়। ঘটে অপ্রীতিকর ঘটনাও।
রাজবাড়ী শিশুরাজ্যের অধ্যক্ষ মুহাম্মদ সাইফুল্লাহ জানান, তিনি মাঝে মধ্যেই গ্রামের বাড়ি নড়াইলে যান। রাজবাড়ী-ভাটিয়াপাড়া রুটে চলাচলকারী রাজবাড়ী এক্সপ্রেস ট্রেনে ভাটিয়াপাড়া নেমে গন্তব্যে যাওয়াটা তার জন্য সহজ হয়। একারণে এই ট্রেনে চলাচল করেন। কিন্তু বেশির ভাগ দিনেই ট্রেনটি নির্ধারিত সময়ে রাজবাড়ী স্টেশন থেকে ছাড়েনা। আবার ফেরার সময় কালুখালীতে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়। এতে তার মত অনেক যাত্রীই ভোগান্তিতে পড়েন।
সম্প্রতি রাজবাড়ী সদর উপজেলার বেলগাছি রেলস্টেশনে গিয়ে দেখা যায়, ট্রেনের সময়সূচির কোনো বোর্ড নেই। কক্ষগুলো বন্ধ। প্লাটফর্মের সামনে তিনটি রেল লাইন। দুটির উপর দিয়ে বড় বড় ঘাস জন্মেছে। প্লাটফর্মের পূর্বদিকে জন্মেছে অনেক আগাছা। স্টেশনের প্লাটফর্মে বসে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন খানগঞ্জ ইউনিয়নের হরিহরপুর গ্রামের বাসিন্দা কুলসুম বেগম। তার সাথে রয়েছেন আরও দুজন নারী। কুলসুম বেগম জানান, তারা পাঁচুরিয়া যাবেন। সেই কখন থেকে ট্রেনের জন্য অপেক্ষা করছেন। স্টেশনে বসার কোনো জায়গা নেই। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে পা লেগে গেছে। এজন্য প্লাটফর্মেই বসে পড়েছেন। ট্রেন কখন আসবে জানার কোনো উপায় নেই। তবে, এসময়টাতে ট্রেন রাজবাড়ীর দিকে যায় এটা তিনি জানেন।
খানগঞ্জ গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম জানান, তিনি দুধের ব্যবসা করেন। গরুর দুধ তিনি রাজবাড়ীসহ বিভিন্ন স্থানে সরবরাহ করেন। ট্রেনে যাতায়ত তাদের মত ব্যবসায়ীদের জন্য খুবই সুবিধার। মাত্র পাঁচ টাকায় রাজবাড়ী শহরে চলে যাওয়া যায়। বাসে অথবা অটোরিক্সায় গেলে ৪০ টাকা খরচ হয়। এজন্য একটু দেরি হলেও ট্রেনে যাতায়াত করেন। স্টেশনে কোনো লোক না থাকায় বেসরকারি সাটল ট্রেনে যারা টিটিই’র দায়িত্ব পালন করেন তাদের কাছে ফোন করে ট্রেন আসার সময় জেনে নেন।
রাজবাড়ী রেলওয়ের জুনিয়র টিটিই ইন্সপেক্টর (জেআরআই) এনামুল হক জানান, রাজবাড়ীতে বর্তমানে তিনজন সিনিয়র টিটিই এবং চারজন জুনিয়র টিটিই রয়েছে। অথচ জুনিয়র টিটিই থাকার কথা ১৮ জন। তবে, নকশীকাঁথা ও সাটল ট্রেন বেসরকারি খাতে চলাচল করায় তাদের উপর চাপ কমেছে। তারপরও সাতজনকে দিয়ে কাজ চালানো খুবই দুরুহ। রাজবাড়ীর উপর দিয়ে চলাচলকারী সুন্দরবন, বেনাপোল, মধুমতি এক্সপ্রেস ট্রেনে একজন করে টিটিই দিতে হয়। বাকী চারজনকে দিয়ে কোনোমতে কাজ চালানো হয়। রাজবাড়ী-ভাঙ্গা, রাজবাড়ী-ভাটিয়াপাড়া রুটে চলাচলকারী রাজবাড়ী এক্সপ্রেস টেনটি সকাল সাতটা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত চলাচল করে। এই ট্রেনে বগি রয়েছে পাঁচটি। কখনও দুজন, কখনও একজন টিটিই দায়িত্ব পালন করে এই ট্রেনে। যা দিয়ে পুরো ট্রেন কভার করা সম্ভব হয়ে ওঠে না। কিছু স্টেশনে টিকিট কাউন্টার না থাকায় টিকিট ছাড়াই যাত্রীরা ট্রেনে ওঠেন। তারা ট্রেনের মধ্যে কাগজের যে টিকিট দেন সেটি ৯০ টাকার নীচে দেওয়া সম্ভব হয়না। ন্যুনতম ভাড়া ১৫ টাকা হিসেবে অন্ততঃ ছয়জনকে মিলে একটি টিকিট করা হয়। অপর এক প্রশ্নের জবাবে জানান, এই রুটে আপ ডাউনে ট্রেন থেকে প্রতিদিন গড়ে সাত থেকে আট হাজার টাকার কালেকশন হয়ে থাকে।
রাজবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত বলেন, লোকবল সংকটের কারণে রাজবাড়ী জোনের বেশির ভাগ স্টেশনে মাস্টার নেই। মাস্টার না থাকার কারণে তাদের সুবিধা মত ক্রসিং দিতে পারেন না। রাজবাড়ী থেকে ভাঙ্গা পর্যন্ত শুধুুমাত্র পাঁচুরিয়া ও ফরিদপুরে ক্রসিং দেওয়ার সুযোগ আছে। রাজবাড়ী থেকে মাছপাড়া পর্যন্ত পাংশা ও কালুখালীতে ক্রসিং দেওয়া যায়। যদি সবগুলো স্টেশনে মাস্টার থাকতেন তাহলে সুবিধামত ক্রসিং দিতে পারতেন। সুবিধামত ক্রসিং দিতে না পারায় ট্রেন বসিয়ে রাখতে হয় দীর্ঘক্ষণ। এজন্য শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটে। তবে, কিছু কিছু স্টেশনে মাস্টার না থাকলেও টিকিট বিক্রির ব্যবস্থা আছে বলে জানান তিনি।
বাংলাদেশ রেলওয়ের পাকশী অঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা হাসিনা খাতুন বলেন, বাংলাদেশ রেলওয়েতে জনবলের সংকট চলছে। যেকারণে কিছু স্টেশনের কার্যক্রম বন্ধ রয়েছে। জনবল নিয়োগের ব্যাপারটি তাদের হাতে নেই। নিয়োগ প্রক্রিয়া শুরু হলে এ সংকট কেটে যাবে। তবে, তা কবে তা নিশ্চিত করে বলতে পরেননি তিনি।

























