কিশোরীর সঙ্গে ‘ফ্রি সময়’ কাটানোর প্রস্তাব প্রধান শিক্ষকের

- প্রকাশের সময় : ০৪:২৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / 9

চট্টগ্রামের পটিয়ায় পৈতৃক জমি সংক্রান্ত পারিবারিক বিরোধ মীমাংসার বিনিময়ে এক কিশোরী ফুটবলারকে আপত্তিকর প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শ্যামল দে উপজেলার হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং কচুয়াই ইউনিয়নের বাসিন্দা। তবে তিনি এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন ও ভুয়া বলে দাবি করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে গত দুই সপ্তাহ ধরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে এবং উভয় পক্ষ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন।
ভুক্তভোগী কিশোরী পেশায় একজন ফুটবল খেলোয়াড়। তার অভিযোগ, অবিবাহিত হওয়ায় তিনি পৈতৃক সম্পত্তিতে ভাগ পাওয়ার অধিকারী। কিন্তু তার ভাই মায়ের কাছ থেকে সব জমি নিজের নামে রেজিস্ট্রি করে নেওয়ায় তিনি পৈতৃক বাড়িতে বসবাসের অধিকারটুকুও হারিয়েছেন।
জানা যায়, এই পারিবারিক বিরোধ সমাধানের জন্য পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম প্রধান শিক্ষক শ্যামল দে-কে দায়িত্ব দেন। কিশোরীর অভিযোগ, বিষয়টি মীমাংসা করে দেওয়ার বিনিময়ে শ্যামল মাস্টার তাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে ‘তুমি অনেক সুন্দর, তোমার সঙ্গে একটু ফ্রি সময় কাটাতে চাই’ বলে প্রস্তাব দেন। এই ঘটনার জেরে এক সপ্তাহ আগে রাতে ফেসবুক লাইভে এসে শাহ আমানত সেতু থেকে কর্ণফুলী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন কিশোরী। তবে সে সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন। পরবর্তী সময়ে তিনি সংবাদ সম্মেলন করে বিষয়টি প্রকাশ্যে আনলে দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়।
এদিকে, এই ঘটনার পর শ্যামল মাস্টারের অতীত কর্মকাণ্ড নিয়েও স্থানীয়ভাবে আলোচনা শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ে যোগ দেওয়ার আগে ধলঘাট ইউনিয়নের গৈড়লা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক থাকাকালে নারীঘটিত একটি ঘটনার জেরে স্থানীয় লোকজন তাকে বিদ্যালয়ে যেতে বাধা দিয়েছিলেন।
কিশোরীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৫ নভেম্বর পটিয়ার একটি কমিউনিটি সেন্টারে পাল্টা সংবাদ সম্মেলন করেন প্রধান শিক্ষক শ্যামল দে। সেখানে তিনি বলেন, সংসদ সদস্য এনামুল হকের নির্দেশে তিনি কিশোরীর পারিবারিক সমস্যা সমাধানের চেষ্টা করেছিলেন। কিন্তু কিশোরীর মা ও ভাই তার (কিশোরীর) ইচ্ছামতো সমাধান করতে রাজি না হওয়ায় তা সম্ভব হয়নি।
হোয়াটসঅ্যাপে সময় কাটানোর প্রস্তাব দেওয়ার অভিযোগ অস্বীকার করে শ্যামল মাস্টার বলেন, কিশোরীর সঙ্গে তার কখনো কোনো ধরনের চ্যাটিং হয়নি এবং ছড়ানো স্ক্রিনশটটি ভুয়া। ল্যাব পরীক্ষায় ওই স্ক্রিনশট সঠিক প্রমাণিত হলে পটিয়াবাসী যে বিচার করবেন, তা তিনি মাথা পেতে নেবেন বলেও চ্যালেঞ্জ ছুড়ে দেন। পাশাপাশি গৈড়লা উচ্চ বিদ্যালয়ে থাকাকালীন নারীঘটিত কোনো ঘটনার অভিযোগও তিনি অস্বীকার করেন। শুক্রবার (২০ নভেম্বর) এ বিষয়ে পুনরায় যোগাযোগ করা হলে তিনি জানান, সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যই তার শেষ কথা।
অন্যদিকে, গত বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে দ্বিতীয়বারের মতো সংবাদ সম্মেলন করেন কিশোরী। এর ১০-১২ দিন আগেও তিনি একবার সংবাদ সম্মেলন করেছিলেন। নতুন সংবাদ সম্মেলনে হোয়াটসঅ্যাপ বার্তার স্ক্রিনশট পরীক্ষার বিষয়ে শ্যামল মাস্টারের দেওয়া চ্যালেঞ্জকে স্বাগত জানান কিশোরী।
তিনি বলেন, শ্যামল মাস্টারের অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় মূলত তাদের পারিবারিক বিরোধের সমাধান হয়নি। একই ইউনিয়নের বাসিন্দা হওয়ায় শ্যামল মাস্টারকে তিনি ‘চাচা’ বলে সম্বোধন করতেন উল্লেখ করে কিশোরী বলেন, তার কাছ থেকে এমন প্রস্তাব তিনি কখনোই আশা করেননি।

























