গোয়ালন্দে দলবদ্ধ ধর্ষণের শিকার ২ তরুণী, গ্রেপ্তার ৩
- প্রকাশের সময় : ০৫:৩৯:৩২ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
- / 201
রাজবাড়ীর গোয়ালন্দে ২ তরুণীকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শুক্রবার সকালে ৩ জনকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। শুক্রবার ভোররাত ৩টার দিকে গোয়ালন্দ ঘাট থানায় ভুক্তভোগী একজনের বাবা মামলা দায়ের করে।
গ্রেপ্তারকৃতরা হলো ফরিদপুর জেলার কোতয়ালী থানার পূর্ব বিল মামুদপুর গ্রামের শেখ ফারুকের ছেলে ফয়সাল (২২), রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দরাপের ডাঙ্গী গ্রামের চাঁন মিয়া মোল্লার ছেলে মো. রাকিব (২১) ও গণি শেখের পাড়া গ্রামের কলিম উদ্দিন মোল্লার ছেলে সজিব মোল্লা (২৪)।
গোয়ালন্দ ঘাট থানা সূত্রে জানা যায়, গত ৮ আগস্ট বিকেলে ওই দুই তরুণী বন্ধুর সাথে গোয়ালন্দ গোধূলী পার্কে বেড়াতে আসে। এসময় কয়েক দুর্বৃত্ত তাদের ফাঁকা জায়গায় নিয়ে তাদের কাছ থেকে দামী মোবাইল ফোন ও নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এক পর্যায়ে দুর্বৃত্তরা তরুণীর সাথে থাকা বন্ধুদের ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়। পরে তরুণীদের গোধুলী পার্ক থেকে উজনচর ইউনিয়নের বেড়িবাঁধ সড়কের অপর পাশে রিয়াজউদ্দিন পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ধনিচা ক্ষেতের পাশে নির্জন স্থানে নিয়ে রাত সাড়ে ৮টার দিকে ধর্ষণ করে ফেলে যায়। সেখান থেকে অসুস্থ অবস্থায় তারা কোন মতে পাশের এক বাড়িতে গিয়ে তাদের অভিভাবকে ফোন দিলে অভিভাবকরা এসে তাদের বাড়িতে নিয়ে যায়। এদিকে ধর্ষিতের পরিবার লোকলজ্জার ভয়ে ৩দিন চুপ থাকলেও শেষ পর্যন্ত শুক্রবার ভোর রাতে গোয়ালন্দ ঘাট থানায় এসে মামলা দায়ের করে।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মো. রাকিবুল ইসলাম জানান, গণধর্ষণের মত গুরুতর অভিযোগে মামলা দায়ের পর শুক্রবার সকালেই উজানচর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজহার ভুক্ত ৩ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। এছাড়া ভিকটিমদের স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

























