ইশরাককে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা আদালতের
- প্রকাশের সময় : ০৩:৪৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
- / 192
২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নির্বাচনের ফলাফল বাতিল করেছেন আদালত। একইসাথে নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় দেন।
আদেশে নৌকা প্রতীক নিয়ে ডিএসসিসির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে মেয়র হিসেবে সরকারের গেজেট বাতিল করা হয়। একই সাথে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন।
অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচন ও ফলাফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেছিলেন মেয়র প্রার্থী ইশরাক হোসেন। মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসসহ আট জনকে বিবাদী করা হয়।





















