হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুইজনকে গুলি

- প্রকাশের সময় : ১০:২০:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / 2

রাজধানীর হাতিরঝিলে ইন্টারনেট সংযোগের ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে ‘এলোপাতাড়ি গুলি’ চালানোর অভিযোগ উঠেছে। এতে প্রতিষ্ঠানটির দুই কর্মী গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। গুলিবিদ্ধ দুজন হলেন হাবিবুর রহমান (২৬) ও সাজু আহমেদ (২৯)। তারা ওই প্রতিষ্ঠানের নেটওয়ার্ক কর্মচারী।
রবিবার সন্ধ্যায় রামপুরা ওয়াপদা রোডে এই গুলি চালানো হয় বলে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মো. পলাশ দাবি করেছেন।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেন, গুলির ঘটনা কি না এটা আমরা যাচাইয়ের জন্য যাচ্ছি। দুজন আহত আছে এটা শুনেছি।
ঘটনার পর ইন্টারনেট সংযোগের ব্যবসা প্রতিষ্ঠানটির গুলিবিদ্ধ দুই কর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মো. পলাশ বলেন, ‘সন্ধ্যা ৭টার দিকে চার-পাঁচজন মাস্ক পরা ছেলে আমাদের ওয়াপদা রোডের অফিসে ঢুকে। এসময় সেখানে চারজন স্টাফ ছিল। ঢুকে হাবিবুর ও সাজুকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে রাত ৭টা ৫০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।’
তিনি বলেন, ‘ওরা গুলি করে আমাদের সিসি ক্যামেরাগুলোও ভেঙে দিয়ে গেছে। আমরা একটা হার্ডডিস্ক উদ্ধার করতে পেরেছি। সবাই এখন ঢাকা মেডিকেলে আছি।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, হাতিরঝিলের ওয়াবদা রোড এলাকা থেকে গুলিবিদ্ধ দুইজনকে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
তেজগাঁও বিভাগের শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. ইমরান জানান, হাতিরঝিল থানার ওয়াবদা রোড এলাকায় একটি ইন্টারনেট অফিসে গুলির ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশের বিভিন্ন টিম উপস্থিত হয়ে কাজ শুরু করেছে। কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে প্রাথমিকভাবে বলা যাচ্ছে না।

























