ভিন্ন রূপ ও গল্প নিয়ে নিশো
- প্রকাশের সময় : ১০:৫৯:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
- / 145
‘সুড়ঙ্গ’ দিয়ে ২০২৩-এ বড় পর্দায় অভিষেক হয়েছিল আফরান নিশোর। দুই বছর পর এই ঈদে ফিরছেন নিশো। ভিন্ন অবতারে, ভিন্ন গল্পে। যেটার প্রথম ঝলক সামনে এলো গতকাল বিকেলে। প্রকাশিত হয়েছে ‘দাগি’র টিজার।
১ মিনিট ৭ সেকেন্ডের এই ঝলক পুরোটাই নিশোময়। শুরুতেই তাঁর কণ্ঠে সংলাপ ‘আব্বা আমাকে সব সময় বলত, নিশান, জীবনের একটা লক্ষ্য খুঁইজা বাইর কর।’ কয়েকটি দৃশ্যের পর তাঁর মুখে শোনা যায়, ‘এখন বুঝতে পারছি জীবনের লক্ষ্য।’ কী সেই লক্ষ্য? রহস্যটা রয়ে গেছে আড়ালেই।
জানা যাবে ছবি মুক্তির পর। তবে এটুকু আঁচ পাওয়া গেছে, ভিন্ন ধাঁচের গল্পেই হাজির হতে চলেছেন নিশো।
‘দাগি’ বানিয়েছেন শিহাব শাহীন। তিনি বলেন, “দর্শকদের বলতে চাই, এটা তো মাত্র প্রথম ঝলক; চমকের অনেক কিছুই একে একে আসতে থাকবে। যারা আমার কাজ সম্পর্কে জানেন কিংবা সিনেমাটি নিয়ে যে প্রত্যাশা রাখেন, আশা করছি ‘দাগি’তে তার সবই পাবেন।”
অন্যদিকে নিশোর বক্তব্য, ‘ভবিষ্যতে কী হতে যাচ্ছে, টিজারটি তার ইঙ্গিত দিয়েছে মাত্র। এই সিনেমার প্রতিটি ফ্রেমে গভীর অর্থ রয়েছে। এটা এমন এক গল্প, যা ভাগ্য এবং পরিণতি নিয়ে দর্শকদের মধ্যে প্রশ্ন তুলবে।’
‘দাগি’তে নিশোর সঙ্গে আছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত প্রমুখ। প্রযোজনায় এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি।






















