শাহবাগে সুপারিশপ্রাপ্ত প্রাথমিকের শিক্ষকদের উপর লাঠিচার্জ

- প্রকাশের সময় : ০৩:৩২:২৫ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
- / 215

দুই ঘন্টা ধরে রাজধানীর শাহবাগ মোড়ে পুলিশের সাথে প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষক এবং এনটিআরসিএ এর নিবন্ধনপ্রাপ্ত নিয়োগ প্রত্যাশিদের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। এতে পুলিশের ব্যাপক লাঠিচার্জ উপেক্ষা করেই সড়কে বারবার অবস্থান নিচ্ছেন আন্দোলনকারীরা।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে ঘটনার সূত্রপাত হয়।
সরেজমিনে দেখা গেছে, পুলিশ জলকামান থেকে কিছু সময় পর পর আন্দোলনকারীদের লক্ষ্য করে পানি ছুড়ছে। ফোটানো হয়েছে বেশকিছু সাউন্ড গ্রেনেড। এসময় ব্যাপক লাঠিচার্জও করা হয়। আটক করতে দেখা যায় বেশ কয়েকজনকে। এদিকে আন্দোলনকারীদের মধ্যে নারীদের রেখে রাস্তা ছেড়ে দিয়েছে পুরুষরা। আটক এড়াতে তারা আশেপাশে অবস্থান নিয়ে নারীদের উৎসাহ দিচ্ছে।
আন্দোলন বন্ধে পুলিশের লাঠিচার্জে কয়েকজন আহত হয়েছেন। জল কামানের পানিতে কয়েকজন নারী আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েছেন।
এদিকে আন্দোলনের ফলে শাহবাগ থেকে সাইন্সল্যাব সড়ক ও ঢাবি থেকে শাহবাগের দিকের সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে। তবে বাকি সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

























