ফতুল্লায় মাদ্রাসায় আগুন : জাতীয় বার্নে ভর্তি ৬৩ শিক্ষার্থী; আইসিইউতে ৪

- প্রকাশের সময় : ১১:২২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / 24

নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া কওমিয়া মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে এখন পর্যন্ত ৬৩ জন শিক্ষার্থী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। এ ছাড়া আরও শিক্ষার্থী চিকিৎসা নিতে হাসপাতালে আসছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে দেখা যায়, ভর্তি শিক্ষার্থী ও তাঁদের স্বজনদের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে। কেউ চিকিৎসা নিচ্ছেন, আবার কেউ চিকিৎসার অপেক্ষায় রয়েছেন। মাদ্রাসার কয়েকজন শিক্ষকও সেখানে চিকিৎসা নিচ্ছেন। অন্যদিকে শিক্ষার্থীদের সেবায় নিয়োজিত রয়েছেন মাদ্রাসার শিক্ষকরা।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, এখন পর্যন্ত ৬৩ জন শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে চারজনকে আইসিইউতে রাখা হয়েছে। রোগীর সংখ্যা আরও বাড়ছে। তবে কারও শরীরে দগ্ধ হওয়ার কোনো চিহ্ন পাওয়া যায়নি। মূলত আগুনের ধোঁয়ার কারণে শ্বাসকষ্টজনিত সমস্যায় তাঁরা আক্রান্ত হয়েছেন।
মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি আজিজুর রহমান বলেন, মাদ্রাসার যে স্থানে আগুনের সূত্রপাত হয়েছে, সেখানে কোনো শিক্ষার্থী ছিল না। তবে আগুন লাগার পর পুরো মাদ্রাসায় ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে।
তিনি আরও বলেন, মাদ্রাসায় একাধিক সিঁড়ি থাকায় শিক্ষার্থীরা দ্রুত ভবন থেকে বের হতে পেরেছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে। হাসপাতালে আরও শিক্ষার্থী আসায় পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন চিকিৎসকেরা।





















