গুরুত্বপূর্ণ সংবাদ:
ক্ষতিপূরণের দাবিতে কালীগঞ্জে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ
- প্রকাশের সময় : ০৭:২৯:০১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- / 17

যশোর-ঝিনাইদহ মহাসড়ক উন্নয়ন প্রকল্পের (উই কেয়ার ফেজ-১, এন-৭) ক্ষতিগ্রস্তদের অবিলম্বে ক্ষতিপূরণ প্রদানের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন স্থানীয় ব্যবসায়ী এবং শ্রমিক-কর্মচারীরা। সোমবার সকাল ১০টা থেকে ঝিনাইদহের কালীগঞ্জে এ কর্মসূচি পালন করা হয়। এতে মহাসড়কে প্রায় দুই ঘণ্টা সব ধরনের যান চলাচল বন্ধ থাকে।
ভুক্তভোগীদের অভিযোগ, একই প্রকল্পের আওতায় যশোর অংশের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আইন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হলেও কালীগঞ্জ অংশের ব্যবসায়ী ও শ্রমিক-কর্মচারীদের কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি। এ নিয়ে জেলা প্রশাসকের কাছে দফায় দফায় লিখিত আবেদন জানিয়েও কোনো প্রতিকার মেলেনি।
আন্দোলনকারীরা জানান, গত ২৬ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁরা ৬ দফা দাবি বাস্তবায়নে ১৫ দিনের আলটিমেটাম দিয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও দাবি মানা হয়নি; বরং উল্টো নোটিশ ছাড়াই স্থাপনা উচ্ছেদের চেষ্টা চলছে। ২০১৭ সালের ভূমি অধিগ্রহণ আইন অনুযায়ী বর্তমান বাজারমূল্যে ক্ষতিপূরণ পরিশোধ, বরাদ্দের অর্থ নিয়ে কোনো অনিয়ম হয়েছে কি না তা তদন্ত এবং ক্ষতিপূরণ নিশ্চিত না হওয়া পর্যন্ত উচ্ছেদ বন্ধ রাখার দাবি জানান তাঁরা।
সড়ক অবরোধের কারণে সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা। পরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ ঘটনাস্থলে পৌঁছে দাবি-দাওয়া বিবেচনার আশ্বাস দিলে দুপুর ১২টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
কর্মসূচিতে ব্যবসায়ী আন্দোলন কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেন, সদস্যসচিব বায়োজিদ বোস্তমীসহ স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিক নেতারা বক্তব্য দেন।
Tag :






















