গুরুত্বপূর্ণ সংবাদ:
শুধু জিপিএ-৫ এ জাতি উন্নত হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

জবি প্রতিনিধি:
- প্রকাশের সময় : ০৭:৩৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- / 10

শুধু জিপিএ-৫ বা কাগুজে সনদ অর্জন করলেই একটি জাতি উন্নত হতে পারে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, শিক্ষার সংখ্যাগত প্রসারের চেয়ে গুণগত মান ও রূপান্তর অর্জন করাই এখন সময়ের সবচেয়ে বড় দাবি।
সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘তারুণ্যে দীপ্তপ্রাণ—ঐক্যবদ্ধ জবিয়ান’ প্রতিপাদ্যে দিবসটি উদযাপিত হয়।
বিশ্ববিদ্যালয়ে ঢালাও ভর্তির প্রবণতার সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসএসসি ও এইচএসসি পাস করা সবাইকে উচ্চশিক্ষায় উৎসাহিত করা সমীচীন নয়। কারণ সবাই শিক্ষক কিংবা গবেষক হবেন না। যাদের শিক্ষকতা ও গবেষণার মাধ্যমে অবদান রাখার যোগ্যতা ও আগ্রহ রয়েছে, কেবল তাদেরই উচ্চশিক্ষায় আসা উচিত। বাকি বড় অংশকে কর্মসংস্থানের বাস্তব চাহিদার আলোকে কারিগরি ও দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হবে। অন্যথায় সমাজে কেবল শিক্ষিত বেকারের সংখ্যাই বাড়বে।
তিনি আরও উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয় কেবল চাকরি দেওয়ার প্রতিষ্ঠান নয়; এটি জ্ঞানচর্চা, মুক্তচিন্তা ও মেধা বিকাশের তীর্থক্ষেত্র।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য আনিসুর রহমান এবং জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু। সভা সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন।
Tag :
























