তাহসিফের মৃত্যু: হত্যা মামলায় দীপ গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ

- প্রকাশের সময় : ১২:০৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- / 16

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তাঁর বাবার দায়ের করা হত্যা মামলায় জুনিয়র বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হবে।
শনিবার (৩১ অক্টোবর) নৌ পুলিশের তুরাগ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এএসআই মোস্তাফিজ গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, উত্তরখান থানায় তাহসিফের বাবার দায়ের করা হত্যা মামলায় দীপকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হবে।
এর আগে শনিবার সকালে তাহসিফের মৃত্যুর ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন তাঁর বাবা কে এম এনায়েতুল করিম। উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিব মামলার বিষয়টি নিশ্চিত করেন।
গত ২৭ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তাহসিফ। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, জুনিয়র বন্ধু দীপের ডাকে সাড়া দিয়ে তিনি বাসা থেকে বের হয়েছিলেন।
এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের একটি গ্যারেজের সামনে থাকা সিসিটিভি ফুটেজে তাহসিফের সঙ্গে দীপকে দেখা যায়। ফুটেজে তাঁদের হাত মেলানোর পর আলাদা দুটি মোটরসাইকেলে সেখান থেকে চলে যেতে দেখা গেছে।



















