নওগাঁয় ২০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
- প্রকাশের সময় : ১২:৩৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
- / 8
নওগাঁর ধামইরহাটে ২০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. মাহফুজুর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ১৮ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাজলপুর গ্রামের পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এহসান হাবিব, পিএসসির সরাসরি নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় বস্তাবর বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৬১/৫-এস থেকে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট থানাধীন কাজলপুর গ্রামের পাকা সড়কে অভিযান চালিয়ে ২০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে আটক করে।
আটক মো. মাহফুজুর রহমান (৪০) নওগাঁ জেলার ধামইরহাট থানার তালবুনা ছিলিমপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. নুরুল ইসলাম।
বিজিবি সূত্রে আরও জানা যায়, আটক ব্যক্তির বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জব্দ করা মাদকদ্রব্যসহ তাকে পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।
























