নওগাঁয় অবৈধ ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা
- প্রকাশের সময় : ০৫:৪৪:০৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- / 3
নওগাঁর ধামইরহাটে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই ইটভাটার পুনর্নির্মাণ ও সংস্কারকাজ চালু রাখায় মেসার্স বিআরসি ব্রিকসকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভাটার কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার ভাতগ্রাম এলাকায় নওগাঁ জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, গত মৌসুমে বন্ধ থাকা মেসার্স বিআরসি ব্রিকস নামের ইটভাটাটির প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই পুনর্নির্মাণ ও সংস্কারকাজ চলছিল। এ অপরাধে ভাটার কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করে এক লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া না যাওয়া পর্যন্ত ভাটার পুনর্নির্মাণ ও সংস্কারকাজ বন্ধ রাখার শর্তে কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। এ সময় নওগাঁর ব্যাটালিয়ন আনসারের একটি দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।
পরিবেশ সুরক্ষা ও অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।





















