উদ্বোধনের অপেক্ষায় ঝিনাইদহ পিটিআইয়ের নতুন ভবন
- প্রকাশের সময় : ০৫:২৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- / 10
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম আধুনিকায়নে ঝিনাইদহ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) নতুন একাডেমিক-কাম-প্রশাসনিক ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। আগামীকাল সোমবার (১৯ অক্টোবর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির উদ্বোধন করবেন।
চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় নির্মিত বহুতল ভবনটিতে প্রশিক্ষণার্থী শিক্ষক ও কর্মকর্তাদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা রাখা হয়েছে। এতে রয়েছে আইসিটি ল্যাব, মাল্টিমিডিয়াসমৃদ্ধ শ্রেণিকক্ষ, সম্মেলনকক্ষ, গ্রন্থাগার ও প্রশাসনিক কক্ষ। এ ছাড়া নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য জেনারেটর কক্ষ, নান্দনিক সীমানাপ্রাচীর, অভ্যন্তরীণ বিনোদনকেন্দ্র ও প্রশিক্ষণ চত্বর রয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সরাসরি তত্ত্বাবধানে মিম কনস্ট্রাকশনের মাধ্যমে ভবনটি নির্মাণ করা হয়েছে। প্রকল্পটির মোট ব্যয় হয়েছে ২৩ কোটি ৬৯ লাখ ৭৮৫ টাকা।
খুলনা বিভাগের নির্বাচিত কয়েকটি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ভবন নির্মাণ করা হয়েছে। এর মধ্যে ঝিনাইদহ পিটিআই অন্যতম।
ঝিনাইদহ পিটিআইয়ের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট কাউসার আলী জানান, বহুল প্রতীক্ষিত নতুন ভবনের উদ্বোধন ঘিরে তাঁরা প্রস্তুত রয়েছেন। অনুষ্ঠানের সব আয়োজন চূড়ান্ত করা হয়েছে। নতুন ভবন চালু হলে ঝিনাইদহসহ পার্শ্ববর্তী অঞ্চলের প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণের মান বাড়বে এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা বিস্তারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।























