আইনশৃঙ্খলা রক্ষায় অবদান, নওগাঁর পুলিশ সুপারকে শুভেচ্ছা স্মারক
- প্রকাশের সময় : ০৪:০৮:২৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- / 17
ডাকাতি প্রতিরোধ, মাদক উদ্ধার ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিশেষ অবদান রাখায় নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে। একই সঙ্গে রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হওয়ায় তাঁকে এ সম্মাননা জানানো হয়।
রবিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় পুলিশ সুপারকে এ শুভেচ্ছা স্মারক তুলে দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
সভায় জানানো হয়, ডাকাতি প্রতিরোধ, মাদক উদ্ধার, আগাম অপরাধ প্রতিরোধমূলক পুলিশি কার্যক্রমসহ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এসব অবদানের স্বীকৃতি এবং রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হওয়ায় তাঁকে বিশেষ শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
সম্মাননা গ্রহণের পর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জেলা পুলিশকে সম্মানিত করায় জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। একই সঙ্গে আগামী দিনে অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আরও আন্তরিকভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন এবং সবার সহযোগিতা কামনা করেন।
সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, সিভিল সার্জন, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানসহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।





















