রাজবাড়ীতে দুর্যোগ প্রশমন দিবসে মহড়া ও আলোচনা সভা
- প্রকাশের সময় : ০২:১৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
- / 21
রাজবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সহকারী কমিশনার ও জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আরিফুল হক। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল-হাসান।
এ সময় আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়জুর রহমান, জেলা দুর্যোগ প্রশমন কমিটির সদস্য গাজী আহসান হাবীব এবং জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা প্রমুখ।
বক্তারা বলেন, বিশ্বের প্রতিটি দেশেই কোনো না কোনো ধরনের দুর্যোগ রয়েছে। কিছু দুর্যোগ প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়, আবার কিছু দুর্যোগ মানুষের কর্মকাণ্ডের ফলে ঘটে। মানুষের অসচেতনতার কারণে সৃষ্ট দুর্যোগের সংখ্যা কম নয়। তাই দুর্যোগের ঝুঁকি কমাতে সবাইকে সচেতন হতে হবে। সচেতনতা ও প্রয়োজনীয় প্রস্তুতির মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় রোভার স্কাউট ও রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্যরা উপস্থিত ছিলেন।























