নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান
- প্রকাশের সময় : ০৩:০৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- / 6
নওগাঁ জেলা প্রশাসকের নির্দেশনায় এবং পরিবেশ অধিদপ্তরের তত্ত্বাবধানে যানবাহন থেকে কালো ধোঁয়া নিঃসরণের মাধ্যমে বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টায় পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে নওগাঁ সদর উপজেলার নতুন সাহাপুর (সান্তাহার মোড়) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহমেদের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে যানবাহনের ধোঁয়া পরীক্ষা করা হয়।
এ সময় চারটি যানবাহনের ধোঁয়া পরীক্ষা করা হয়। পরীক্ষায় প্রতিটি যানবাহনের ধোঁয়া বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এ নির্ধারিত মানমাত্রার মধ্যে পাওয়া যায়। ফলে কোনো যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।
পরিবেশ অধিদপ্তর, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের গবেষণাগারের সিনিয়র কেমিস্ট মো. ইব্রাহিম হোসেন, জুনিয়র কেমিস্ট মো. আবুল বাসার এবং নমুনা সংগ্রহকারী মো. গোলাম মোস্তফার সমন্বয়ে গঠিত একটি দল মোবাইল কোর্টে ধোঁয়া পরিমাপের বিষয়ে কারিগরি সহযোগিতা প্রদান করেন।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। এ সময় ব্যাটালিয়ন আনসার, নওগাঁর একটি চৌকস দল মোবাইল কোর্টের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।
পরিবেশ দূষণ রোধে এ ধরনের মোবাইল কোর্টের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন।























