নওগাঁয় চোরাই শ্যালো মেশিন ও ভ্যানসহ দুই চোর গ্রেপ্তার

- প্রকাশের সময় : ০৯:৪৩:৪১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / 0

নওগাঁ সদর উপজেলায় অভিযান চালিয়ে দুটি চোরাই শ্যালো মেশিন ও একটি ভ্যানসহ আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) সদর মডেল থানাধীন তিলকপুর ইউনিয়নের ভবানীপুর এলাকা থেকে স্থানীয় জনগণের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নওগাঁর আত্রাই উপজেলার কাশিয়াবাড়ী গ্রামের মৃত আজাহারের ছেলে মাসুদ রানা ওরফে মাসুম (৩১) এবং একই গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে মো. নিলয় হোসেন (২১)।
নওগাঁ সদর মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ভবানীপুর এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ভ্যানে করে দুটি শ্যালো মেশিন নিয়ে পালানোর চেষ্টাকালে স্থানীয়দের সহায়তায় ওই দুজনকে হাতেনাতে আটক করা হয় এবং চোরাই মালামালসহ ভ্যানটি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন যে তারা আত্রাই এলাকা থেকে শ্যালো মেশিন দুটি চুরি করে নিয়ে যাচ্ছিলেন।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা শ্যালো মেশিনগুলোর প্রকৃত মালিকদের শনাক্ত করার পাশাপাশি গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
























