গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

- প্রকাশের সময় : ০৪:২৮:১৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / 0

রাজবাড়ীর গোয়ালন্দঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ২০০ গ্রাম হেরোইনসহ তুহিন মোল্লা (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০।
রোববার (২২ নভেম্বর) সকাল ৭টার দিকে গোয়ালন্দঘাট থানার সোহরাব মণ্ডলপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার তুহিন মোল্লা ওই এলাকারই ভানু মোল্লার ছেলে।
এসআরবি-১০-এর সিপিসি-৩ (ফরিদপুর ক্যাম্প) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সকালে সোহরাব মণ্ডলপাড়ায় অভিযান চালায় আভিযানিক দল। এ সময় তুহিন মোল্লাকে আটক করে তার কাছ থেকে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ টাকা। গ্রেপ্তার আসামি গোয়ালন্দঘাট থানার আগের একটি মাদক মামলারও এজাহারনামীয় আসামি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এসআরবি জানায়, তুহিন দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ী ও আশপাশের জেলায় সরবরাহ করে আসছিলেন।
উদ্ধার করা মাদকসহ তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য গোয়ালন্দঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের পাশাপাশি অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-১০।






















