হজযাত্রীদের টিকার আগে করতে হবে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা

- প্রকাশের সময় : ০২:৩৮:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / 6

২০২৭ সালের হজযাত্রীদের টিকা গ্রহণের আগে সাত ধরনের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতাল এবং নির্ধারিত ‘ক’ শ্রেণির বেসরকারি হাসপাতালে এসব পরীক্ষা করাতে হবে।
রোববার (২২ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-৩ শাখা থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী হজযাত্রীদের টিকা নেওয়ার আগে রক্তের গ্রুপ ও আরএইচ টাইপিং, পূর্ণাঙ্গ রক্ত পরীক্ষা (সিবিসি উইথ ইএসআর), প্রস্রাব পরীক্ষা (ইউরিন আর/এম/ই), বুকের এক্স-রে (পি/এ ভিউ), ইসিজি, যেকোনো সময়ের রক্তে শর্করা পরীক্ষা (আরবিএস) এবং সিরাম ক্রিয়েটিনিন পরীক্ষা করাতে হবে। এসব পরীক্ষার মধ্যে বুকের এক্স-রে ও ইসিজির প্রতিবেদনও জমা দিতে হবে।
এ ছাড়া দুরারোগ্য ও গুরুতর রোগের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত পরীক্ষা করাতে হবে। হৃদযন্ত্রের অকার্যকারিতা সন্দেহ হলে ইকোকার্ডিওগ্রাফি, কিডনির জটিলতায় সিরাম ক্রিয়েটিনিন, কিডনি-ইউরেটার-ব্লাডার আলট্রাসনোগ্রাম এবং সিরাম ইউরিয়া পরীক্ষা করতে হবে।
লিভারের অকার্যকারিতা সন্দেহ হলে সিরাম বিলিরুবিন, এসজিপিটি, অ্যালবুমিন-গ্লোবুলিন অনুপাত, পুরো পেটের আলট্রাসনোগ্রাম, আপার জিআইটি এন্ডোস্কপি ও প্রোথ্রম্বিন টাইম পরীক্ষা করাতে হবে।
দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ শনাক্তে কফের এএফবি পরীক্ষা ও বুকের সিটি স্ক্যান করতে হবে। অন্যদিকে, গর্ভাবস্থায় জটিলতা থাকলে প্রয়োজন অনুযায়ী গর্ভধারণ পরীক্ষা ও গর্ভাবস্থার আলট্রাসনোগ্রাম করানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন ও ই-হেলথ প্রোফাইলের অনুলিপি নির্ধারিত টিকাকেন্দ্রে মেডিকেল টিমের কাছে জমা দিয়ে টিকা নিতে হবে। এরপর হজযাত্রীদের স্বাস্থ্য সনদ দেওয়া হবে।
এ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য হজ কল সেন্টারের ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
সূত্র: বাসস























