কালীগঞ্জে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবলে হরিণাকুণ্ডুর জয়

- প্রকাশের সময় : ১০:১২:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / 9

ঝিনাইদহের কালীগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচে হরিণাকুণ্ডু খেলোয়াড় কল্যাণ ফুটবল দল জয়লাভ করেছে।
রোববার (২২ নভেম্বর) বিকেলে সরকারি নলডাঙ্গা ভূষণ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ম্যাচে তারা টাইব্রেকারে ৪-১ গোলে চুয়াডাঙ্গার দামুড়হুদা ফুটবল দলকে পরাজিত করে।
কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের আয়োজনে আট দলীয় এ টুর্নামেন্টের তৃতীয় ম্যাচের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও পৌরসভার সাবেক মেয়র হামিদুল ইসলাম হামিদ। খেলা শুরুর আগে তিনি উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
খেলার শুরু থেকেই দুদল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা না পাওয়ায় গোলশূন্য সমতায় বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধে গোল পেতে মরিয়া হয়ে ওঠে উভয় দল; চলতে থাকে আক্রমণ ও পাল্টা আক্রমণ। তবে রেফারির শেষ বাঁশি বাজার আগপর্যন্ত কোনো দলই জালের দেখা না পাওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে দামুড়হুদা দলকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে জয়ের উল্লাসে মাতে হরিণাকুণ্ডু ফুটবল দল। ম্যাচে দারুণ নৈপুণ্য দেখিয়ে বিজয়ী দলের গোলরক্ষক আসিফ ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন।
ম্যাচটি পরিচালনা করেন রেফারি ফরহাদ রেজা, রাজু আহমেদ, রাকিবুল ইসলাম ও খায়রুল ইসলাম। ধারাভাষ্যে ছিলেন রবিউল ইসলাম। বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।
এ সময় মাঠে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সভাপতি আশরাফুজ্জামান রনি, ক্রীড়া সংগঠক অজিৎ ভট্টাচার্য, আসাদুজ্জামান মুকুল, সাংবাদিক জামির হোসেন, সাবজাল হোসেন, তৌফিকুজ্জামান কাজল, তপন কুমার বাটুল, নুরুল ইসলাম, মাসুদ জোয়ার্দার, পারভেজ, ওয়াসিম ও লেখন সরদারসহ স্থানীয় ক্রীড়া সংগঠনের সদস্যরা।






















