শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষা কমিশন গঠনের তাগিদ রাষ্ট্রপতির

- প্রকাশের সময় : ০৪:১৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
- / 0

দেশের শিক্ষাব্যবস্থার সামগ্রিক মানোন্নয়নে দ্রুত একটি শিক্ষা কমিশন গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে শিক্ষার বিভিন্ন ধারার মধ্যে সমন্বয় এবং কর্মমুখী শিক্ষার প্রসারের মাধ্যমে সর্বস্তরে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার কথা বলেছেন তিনি।
রবিবার সকালে বঙ্গভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শামসুজ্জামান দুদুর নেতৃত্বে প্রতিনিধিদলটি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁরা অ্যাসোসিয়েশনের বিভিন্ন কার্যক্রম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা, পরিবহন ও আবাসনসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি এবং গবেষণায় প্রণোদনার বিষয়ও তাঁরা রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করেন।
প্রতিনিধিদল জানায়, ছাত্র ও ছাত্রীর সংখ্যা প্রায় সমান হলেও ছাত্রীদের জন্য হলের সংখ্যা তুলনামূলক কম হওয়ায় তাদের আবাসনসংকট আরও তীব্র। এ সমস্যা সমাধানে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন তাঁরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাঁর ছাত্রজীবনের স্মৃতিচারণ করে রাষ্ট্রপতি বলেন, এ বিশ্ববিদ্যালয় তাঁর মতো সাবেক শিক্ষার্থীদের জন্য গর্বের জায়গা এবং জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে প্রতিনিধিদলের উত্থাপিত বিষয়গুলো সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন তিনি।
দেশে উচ্চশিক্ষার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, পর্যাপ্ত অবকাঠামো, শিক্ষক ও শিক্ষা উপকরণ ছাড়াই বিভিন্ন কলেজে উচ্চশিক্ষার কার্যক্রম চালু হওয়ায় শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার বিভিন্ন ধারার মধ্যে সমন্বয় সাধনের পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে আরও গুরুত্ব দিয়ে একটি সমন্বিত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেন তিনি। একইসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়নে অ্যালামনাইদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।
























