তাবলিগের কাজে বাংলাদেশে আসার অনুমতি পেলেন ২৯৮ বিদেশি

- প্রকাশের সময় : ০১:৫৯:৪০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
- / 2

তাবলিগের ধর্মীয় কার্যক্রমে অংশ নিতে ২৯৮ জন বিদেশি নাগরিককে শর্তসাপেক্ষে বাংলাদেশে আসার অনুমতি দিয়েছে সরকার। তাঁদের ১২০ দিনের ভিসা দেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
গত ২৫ নভেম্বর মন্ত্রণালয়ের সমন্বয় শাখা থেকে এ-সংক্রান্ত সম্মতিপত্র পররাষ্ট্র সচিবের কাছে পাঠানো হয়।
অনুমতি পাওয়া বিদেশি নাগরিকেরা থাইল্যান্ড, ফ্রান্স, তিউনিসিয়া, মরক্কো, দক্ষিণ আফ্রিকা, ভারত, জর্ডান, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, মিয়ানমার, সিঙ্গাপুর, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের নাগরিক।
সম্মতিপত্রে বলা হয়েছে, মাদরাসা উলূমি দীনিয়া মালওয়ালী মসজিদ তথা ঢাকার তাবলিগ সেন্ট্রাল মার্কাজের আবেদনের পরিপ্রেক্ষিতে এ অনুমতি দেওয়া হয়েছে। ২০২৬ সালের ভিসানীতির ৩৪ নম্বর ক্রমিকে উল্লেখিত ‘আরটি’ শ্রেণিতে তাঁদের ভিসা দেওয়া হবে।
তবে বাংলাদেশে অবস্থানকালে এসব বিদেশি নাগরিককে কয়েকটি শর্ত মেনে চলতে হবে। তাঁরা প্রচলিত ধর্ম, কৃষ্টি ও সংস্কৃতিবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়াতে পারবেন না। তাবলিগ সেন্ট্রাল মার্কাজের বাইরে অন্য কোনো সংস্থার কাজে যুক্ত হওয়া যাবে না। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া কর্মস্থল পরিবর্তনও করা যাবে না।
এ ছাড়া তাঁরা শুধু ধর্মীয় বা প্রচারমূলক কাজে নিয়োজিত থাকতে পারবেন। ধর্মীয় কাজের বাইরে অন্য কোনো কর্মকাণ্ডে অংশ নেওয়া যাবে না। তাঁদের অবস্থানের বিষয়ে স্থানীয় পুলিশকে নিয়মিত অবহিত করতে হবে।
সম্মতিপত্রে আরও বলা হয়েছে, বাংলাদেশে অবস্থানকালে তাঁরা কোনো রাজনৈতিক বক্তব্য বা বিবৃতি দিতে পারবেন না। রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়া কিংবা রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ থেকেও বিরত থাকতে হবে। একই সঙ্গে অন্য ধর্মের প্রতি বিদ্বেষ ছড়ায়—এমন বক্তব্য দেওয়া যাবে না।
সরকারের এই সম্মতি একবার বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে ১২০ দিনের জন্য কার্যকর থাকবে।




















