বাম্পার আমনের হাসি ম্লান, সরকারি দামের চেয়ে কমে ধান বিক্রি করছেন কৃষক

- প্রকাশের সময় : ০৮:১৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- / 7

নীলফামারীতে চলতি আমন মৌসুমে ধানের আবাদ ও উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় পূরণ হতে চললেও ন্যায্যমূল্য না পাওয়ায় হতাশ কৃষকরা। সার, কীটনাশক, সেচ, হালচাষ ও শ্রমিকের মজুরিসহ উৎপাদন খরচ বাড়লেও ধান বিক্রি করতে হচ্ছে সরকারি নির্ধারিত দামের চেয়ে অনেক কমে। সরকার প্রতি কেজি ধানের সংগ্রহমূল্য ৩৫ টাকা নির্ধারণ করলেও স্থানীয় বাজারে কৃষকরা পাচ্ছেন ২০ থেকে ২৫ টাকা। এতে উৎপাদন খরচ তুলতেই হিমশিম খাচ্ছেন তাঁরা।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি আমন মৌসুমে জেলার ছয়টি উপজেলায় ১ লাখ ১৩ হাজার ২২০ হেক্টর জমিতে ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এর বিপরীতে আবাদ হয়েছে ১ লাখ ১৩ হাজার ২০৫ হেক্টর জমিতে। জেলায় ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ৫ লাখ ৫৪ হাজার ৫৪০ মেট্রিক টন। ইতোমধ্যে ৭৮ শতাংশ বা প্রায় ৮৮ হাজার ৩০০ হেক্টর জমির ধান কাটা শেষ হয়েছে। বাকি ২২ শতাংশ ধান কাটা শেষ হলে উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশা করছে কৃষি বিভাগ।
তবে মাঠের এই সাফল্য কৃষকের মুখে হাসি ফোটাতে পারেনি। কৃষকদের অভিযোগ, ভরা মৌসুমে স্থানীয় পাইকার ও ফড়িয়ারা সিন্ডিকেট করে বাজার নিয়ন্ত্রণ করেন। কৃষকের ঘরে ধান থাকা অবস্থায় দাম কম রাখা হয়, আর কৃষকের গোলা খালি হওয়ার পর ধীরে ধীরে দাম বাড়ে। কিন্তু ঋণ পরিশোধ, সংসারের খরচ ও পরবর্তী ফসলের প্রস্তুতির জন্য অনেক কৃষক আগেভাগেই কম দামে ধান বিক্রি করতে বাধ্য হন।
নীলফামারী সদর উপজেলার কৃষক আইনুল হক বলেন, ‘ধান আবাদ করতে সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরিতে অনেক টাকা খরচ হয়েছে। কিন্তু বিক্রির সময় সেই অনুযায়ী দাম পাওয়া যাচ্ছে না। সরকার মণপ্রতি ১ হাজার ৪০০ টাকা নির্ধারণ করলেও আমরা তার চেয়ে ৪০০ থেকে ৫০০ টাকা কমে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছি।’
একই ধরনের অভিজ্ঞতার কথা জানান ডোমার উপজেলার কৃষক জামিয়ার রহমান ও আনজারুল ইসলাম। তাঁদের ভাষ্য, ধান কাটার মৌসুমে পাইকাররা কম দাম বলেন। কৃষকের ঘরে ধান থাকা পর্যন্ত বাজার মন্দা থাকে। পরে দাম বাড়লেও তখন কৃষকের হাতে আর ধান থাকে না। ফলে সারা বছরের পরিশ্রমের পরও লাভের মুখ দেখা কঠিন হয়ে পড়েছে।
জলঢাকা উপজেলার কৃষক রেজাউল ইসলাম বলেন, ‘উৎপাদন খরচ দিন দিন বাড়ছে। অথচ ধানের ন্যায্যমূল্য নিশ্চিত হচ্ছে না। সরকার যদি সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার পরিমাণ বাড়ায়, তাহলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে। এতে কৃষকরা কিছুটা হলেও লাভবান হবেন।’
হিসাব অনুযায়ী, সরকারি সংগ্রহমূল্য কেজিপ্রতি ৩৫ টাকার বিপরীতে স্থানীয় বাজারে গড়ে ২৫ টাকা দরে ধান বিক্রি হওয়ায় প্রতি কেজিতে ১০ টাকা কম পাচ্ছেন কৃষকরা। উৎপাদন লক্ষ্যমাত্রা অনুযায়ী ৫ লাখ ৫৪ হাজার ৫৪০ মেট্রিক টনের ক্ষেত্রে কেজিপ্রতি ১০ টাকা ব্যবধান ধরলে সম্ভাব্য আর্থিক পার্থক্য দাঁড়ায় প্রায় ৫৫৪ কোটি ৫৪ লাখ টাকা। তবে পুরো উৎপাদিত ধান সরকারি দরে কেনা হয় না বলে এই অঙ্ককে সরাসরি কৃষকের ক্ষতি হিসেবে বিবেচনা করা যায় না।
নীলফামারী সদর উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ জানান, সরকারিভাবে ধান সংগ্রহ শুরু না হওয়া পর্যন্ত বাইরের বাজারে ফড়িয়া ও পাইকাররা নিজেদের মতো করে দাম নির্ধারণ করে কেনাবেচা করেন। সদর উপজেলায় সরকারি ধান সংগ্রহের জন্য ইতোমধ্যে ১ হাজার ২০০ কৃষক আবেদন করেছেন। সরকারি নির্ধারিত মূল্যে ধান বিক্রি করতে পারলে কৃষকরা কিছুটা হলেও লাভবান হবেন।
কৃষকদের দাবি, শুধু উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন করলেই হবে না, উৎপাদিত ফসলের ন্যায্যমূল্যও নিশ্চিত করতে হবে। সরকারি খাদ্যগুদামে সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের পরিধি বাড়ানোর পাশাপাশি বাজারে সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।




















