নিজেকে ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি দাবি করা আইনজীবী আটক

- প্রকাশের সময় : ১১:৫৭:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / 38

নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা অ্যাডভোকেট এম কামাল উদ্দিনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার সিডিএ টেক এলাকার একটি ভাড়া বাসা থেকে স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে সিডিএ টেক এলাকার ওই ভাড়া বাসায় অবস্থান করছিলেন কামাল উদ্দিন। তাঁর অবস্থানের খবর পেয়ে স্থানীয় লোকজন বাসাটি ঘেরাও করেন। পরে তাঁকে আটক করে পুলিশে খবর দেন তাঁরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে নিজেদের হেফাজতে নেয়।
কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার তীথংকর দাশ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় লোকজন ওই আইনজীবীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
কামাল উদ্দিন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের বহিষ্কৃত আইনবিষয়ক সম্পাদক ছিলেন। তিনি চট্টগ্রাম আদালতের সাবেক অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি)। এর আগে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের প্যানেল আইনজীবী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
গত অক্টোবরে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নামে একটি কমিটি গঠনের ঘোষণা দেন কামাল উদ্দিন। নিজেকে ওই কমিটির সভাপতি পরিচয় দিয়ে দেওয়া তাঁর বক্তব্যের ভিডিও ফেসবুক ও টিকটকে ছড়িয়ে পড়লে আলোচনায় আসেন তিনি।























