ব্রায়ান লারা যদি শিল্পী হন, আমি তো কসাই: শহীদ আফ্রিদি

- প্রকাশের সময় : ১১:০০:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / 2

সাহিবজাদা মোহাম্মদ শহীদ খান আফ্রিদি; শুধু শহীদ আফ্রিদি নামেই পরিচয়। পাকিস্তানের সাবেক অধিনায়ক, সংক্ষিপ্ত সংস্করণে সেরা অলরাউন্ডারদেরও একজন। কিন্তু এই পরিচয় ছাপিয়ে আফ্রিদি মানে সুদর্শন এক তরুণ, গ্যালারিতে যাঁর জন্য ‘ম্যারি মি…’ প্ল্যাকার্ড আর মাঠে তাঁর চার-ছক্কার বৃষ্টিও। বল পেটানোর মতাদর্শে খুব কড়া বিশ্বাস বলেই যেকোনো জায়গা থেকে ম্যাচ ঘুরিয়ে দিতে পারতেন, হয়ে উঠেছিলেন ‘গেম চেঞ্জার’। ২০১৯ সালে প্রকাশিত আফ্রিদির আত্মজীবনীর নামও সেটাই—গেম চেঞ্জার। যেখানে একটা অধ্যায়ে আফ্রিদি লিখেছেন মাঠে তাঁর স্লেজিং ও বল টেম্পারিং নিয়ে। বেছে নিয়েছেন তাঁর চোখে পাকিস্তানের সর্বকালের সেরা একাদশও
খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত
জীবনে অনেক কিছু নিয়ে অনেক ঝামেলায় জড়িয়েছি। নানা কারণে জরিমানা গুনতে হয়েছে। কিন্তু স্লেজিংয়ের জন্য জরিমানা বা শাস্তি পেয়ে কখনো আফসোস হয়নি। ক্রিকেটের সৌন্দর্যই তো আগ্রাসন। মুখে মুখে ঝগড়া, স্লেজিং, প্রতিপক্ষকে একটু খোঁচা দেওয়া—এগুলো ভদ্রলোকের আচরণ নয় ঠিকই, কিন্তু এসব না থাকলে খেলাটা যে কত পানসে হয়ে যেত! দর্শকেরাও পছন্দ করে এসব। তবে স্লেজিংটা মাঠের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত। মাঠের বাইরে স্লেজিং? একেবারেই না। এটা অস্বাস্থ্যকর।আমি নিজেকে কখনো স্লেজিংয়ের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ভাবিনি। তবে যখন বয়স কম ছিল, এটা আরও বেশি উপভোগ করতাম। এখন অবশ্য একটু শান্ত হয়েছি, বিষয়টা অন্যভাবে দেখি। তবে পাকিস্তান দলে এখন যে নতুন খেলোয়াড়েরা এসেছে, তারা সবাই এর দারুণ ভক্ত। একজন সিনিয়র বা সাবেক সতীর্থ হিসেবে আমার দায়িত্ব—তাদের শেখানো, কীভাবে সীমার মধ্য থেকে স্লেজিং করতে হয়। যেন আম্পায়ার বা রেফারির নজরে না পড়ে, আবার প্রতিপক্ষের মাথাও গরম হয়ে যায়।
আমার সবচেয়ে পছন্দের স্লেজিং ভিকটিম ছিল গৌতম গম্ভীর। কারণ সে চমৎকারভাবে পাল্টা খোঁচা মারত। শেন ওয়ার্নও ছিল ওরকম—যতই উসকাতাম, ততই জ্বলে উঠত। তাই তাঁদের সঙ্গে মাঠে লড়াইও জমত। তবে স্লেজিং করতে গিয়ে আমার কিছু বিব্রতকর মুহূর্তও তৈরি হয়েছে।
মনে আছে, একবার অস্ট্রেলিয়ায় আমরা একটি সিরিজে খুব বাজে খেলছিলাম। অধিনায়ক হিসেবে সেটি ছিল আমার প্রথম সিরিজ। তাই মরিয়া হয়ে একটা জয় চাইছিলাম। তার ওপর ম্যাচটা ছিল পার্থে, যে উইকেট উপমহাদেশীয় দলের জন্য কখনোই খুব একটা সহায়ক নয়। আমাদের জেতার জন্য বলের বাড়তি কিছু সাহায্য দরকার ছিল। তাই লাখ লাখ দর্শকের সামনে, ক্যামেরার সামনে আমি এমন একটা কাজ করে বসলাম, যা এর আগেও হয়েছে, তবে সরাসরি টিভিতে কেউ দেখেনি। আমি দাঁত দিয়ে বলে কামড় দিলাম! অনেক বড় আর রসিয়ে রসিয়ে কামড় দিয়েছিলাম, যেন বল নষ্ট হয়ে যায় এবং আমরা সুবিধা পাই।আসলে সবাই বল টেম্পারিং করে। সবাই! আমি শুধু সারা বিশ্বকে দেখালাম, আমরা কীভাবে এটা করি এবং কোনো লুকোছাপা না করেই। এটাই আসল ব্যাপার। আমি জিততে চেয়েছিলাম। আমি জিততে পছন্দ করি। হ্যাঁ, এর জন্য আমি দুঃখিত। খুবই দুঃখিত। জয়ের জন্য এত আবেগপ্রবণ এবং মরিয়া হয়ে গিয়েছিলাম যে সেদিন বলটা প্রায় খেয়েই ফেলছিলাম!
ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া
আপেল ভেবে আফ্রিদি যেদিন বলে কামড় দিয়েছিলেন
হ্যাঁ, আবেগ গুরুত্বপূর্ণ। ম্যাচের উত্তেজনায় তা ভালোই কাজে দেয়। তবে ২০ বছর ক্রিকেট খেলার পর এটুকু বুঝেছি, আবেগ নিয়ন্ত্রণ করা নিজেকে ছেড়ে দেওয়ার চেয়ে অনেক ভালো।কোনো নির্দিষ্ট প্রতিপক্ষকে দেখে আমি কি কখনো ভয় পেয়েছি? না, ভয় পাইনি। তবে একজন খেলোয়াড় ছিলেন, যিনি আমাকে বেশ অস্বস্তিতে ফেলতেন। কারণ, তিনি শুধু তাঁর চোখ দিয়েই অনেক কিছু করতে পারতেন। স্টিভ ওয়াহ।
একনজরেই বুঝে যেতেন ব্যাটসম্যান কী ভাবছে। দল খারাপ খেললেও একাই ম্যাচ জেতাতে পারতেন। তাই তাঁকে বলা হতো ‘আইস ম্যান’। সব সময় ঠান্ডা মাথা, নিখুঁত পরিকল্পনা। ব্যাটসম্যানদের দুর্বলতা চিনে বোলারদের দিয়ে টার্গেট করাতেন। তাঁর মাঠের উপস্থিতি ছিল ভীতিকর। চাইলে দারুণ সৈনিক হতে পারতেন। তার কৌশল ছিল জেতা। আর জয়ের জন্য সব ধরনের কৌশল ব্যবহার করতেন। সব সময়। যেকোনো পরিস্থিতিতে।অনুপ্রেরণার কথা বললে, আমি বিশ্বাস করি—মানুষ নিজের সবচেয়ে বড় বন্ধু আবার সবচেয়ে বড় শত্রুও। কিন্তু অবশ্যই কিংবদন্তিরা অনুপ্রেরণা জোগান। লোকে বলে, ইমরান খানের পর আমিই পাকিস্তানের সবচেয়ে বড় তারকা। যাঁরা বলেন, তাঁরা খুবই উদার। আমি যাঁর মতো হওয়ার স্বপ্ন দেখতাম, তাঁর সঙ্গে আমার তুলনা করা হয়, এটা দারুণ ব্যাপার।























