নওগাঁ কারাগারে কার্যক্রম নিষিদ্ধ বগুড়া জেলা আওয়ামী লীগ নেতার মৃত্যু

- প্রকাশের সময় : ০৪:৫০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / 12

নওগাঁ জেলা কারাগারে অসুস্থ হয়ে জাকির হোসেন নবাব (৫৮) নামে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বগুড়া জেলা আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত জাকির হোসেন নবাব বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এছাড়া তিনি নিষিদ্ধ সংগঠন বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, কারাগারে অসুস্থ হয়ে পড়লে দুপুরে তাকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। নাম প্রকাশ না করার শর্তে জরুরি বিভাগের কর্তব্যরত এক চিকিৎসক জানান, বেলা সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে সংকটাপন্ন অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেননি তিনি।
নওগাঁ জেলা কারাগারের সুপার রত্না রায় জানান, জাকির হোসেন নবাব একটি বিস্ফোরক মামলায় কারাগারে বন্দি ছিলেন। সকালে তিনি হঠাৎ অসুস্থতা বোধ করলে দ্রুত নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে হাসপাতালে তার মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে এখনও আনুষ্ঠানিক নথিপত্র হাতে আসেনি।
























