তাহসিফের সেই বন্ধুকে হেফাজতে নিয়েছে পিবিআই

- প্রকাশের সময় : ১২:৩১:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
- / 12

তুরাগ নদ থেকে বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরীর মরদেহ উদ্ধারের ঘটনায় তাঁর বন্ধু রেজা দ্বীপকে হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। জিজ্ঞাসাবাদ ও তথ্য যাচাইয়ের জন্য তাঁকে পিবিআই ঢাকা মেট্রো উত্তরে নেওয়া হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে পিবিআই সদর দপ্তরের পুলিশ সুপার আবু ইউসুফ গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে রেজা দ্বীপকে পিবিআই ঢাকা মেট্রো উত্তরে নেওয়া হয়। তাহসিফ ও দ্বীপ একসঙ্গে কোথায় কোথায় গিয়েছিলেন, সে বিষয়ে দ্বীপের দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
তাহসিফের পরিবারের দাবি, মঙ্গলবার সন্ধ্যায় রেজা দ্বীপের ফোন পেয়ে বাসা থেকে বের হন তিনি। পরে রাত ১টা ৩৫ মিনিটের দিকে মায়ের মোবাইলে বার্তা পাঠিয়ে বাসায় ফেরার কথা জানান।
বিমানবাহিনীর সাবেক এই কর্মকর্তা উত্তরার দিয়াবাড়ির বাসা থেকে নিজের মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন। বুধবার বিকেলে টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন। উদ্ধারের সময় তাঁর মোবাইল ফোন ও মানিব্যাগ পাওয়া গেলেও মোটরসাইকেলটির সন্ধান মেলেনি।
পরিবারের এক স্বজন জানান, বৃহস্পতিবার রেজা দ্বীপের সঙ্গে তাঁদের কথা হয়েছে। দ্বীপের ভাষ্য অনুযায়ী, রাতে তাঁরা একসঙ্গে খাওয়াদাওয়া করেন। পরে তাহসিফকে তাঁর বাসার এলাকার কাছে রেখে তিনি ফিরে যান।
মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় পিবিআই তথ্য সংগ্রহ ও যাচাইয়ের কাজ করছে।



















