অপপ্রচার ও কুৎসা রটিয়ে সত্য ও ন্যায়কে ঢাকা যায় না: রিজভী

- প্রকাশের সময় : ১১:১৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
- / 5

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, অপপ্রচার ও কুৎসা রটিয়ে সত্য, স্বচ্ছতা ও ন্যায়কে আড়াল করা যায় না। বিএনপির অধীনে নির্বাচন যতই অবাধ ও সুষ্ঠু হোক, সেটিকে বিতর্কিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর পল্টনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে কেন্দ্র দখল, ভোট জালিয়াতি ও সংঘর্ষ ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হওয়ার আগপর্যন্ত ভোটের পরিবেশ ভালো ছিল বলে দাবি করেন তিনি।
জামায়াতের অভিযোগের বিষয়ে রিজভী বলেন, ভোটগ্রহণ শেষ হওয়ার আগে দলটি কয়েকটি বিতর্কিত বক্তব্য দিয়েছে, যা দুর্ভাগ্যজনক। এ ধরনের বিভ্রান্তি ছড়ালে গণতন্ত্র শক্তিশালী হবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার দুপুর ৩টা থেকে সাড়ে ৩টার দিকে নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলেছেন। সকাল থেকে কেন এসব অভিযোগ করা হয়নি, সে প্রশ্ন তুলে রিজভী বলেন, কোথায় কী ঘটনা ঘটেছে এবং কারা বাধা দিয়েছে, তা নামসহ সুনির্দিষ্টভাবে জানালে অভিযোগের গুরুত্ব থাকত।
রিজভীর দাবি, ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া বা ব্যাপক অরাজকতা সৃষ্টির বিষয়ে গণমাধ্যমে তেমন কোনো খবর আসেনি।
এর আগে, জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ব্যাপক অনিয়ম, অব্যবস্থাপনা, বলপ্রয়োগ ও দলীয়করণের অভিযোগ করেন। তাঁর এসব অভিযোগের জবাবেই রিজভী বক্তব্য দেন।






















