চুক্তিভিত্তিক সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণে প্রজ্ঞাপন

- প্রকাশের সময় : ০৩:১৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
- / 7

চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা নির্ধারণের নিয়ম করেছে সরকার। এ বিষয়ে বুধবার (২৮ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে ২০২৬ সালের ১ জুলাইয়ের আগে ও পরে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ব্যক্তিদের জন্য পৃথক বিধান রাখা হয়েছে। এতে বলা হয়েছে, নতুন নিয়ম ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে।
অর্থ বিভাগের যুগ্ম সচিব শরীফ নজরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, ১ জুলাই ২০২৬-এর আগে জাতীয় বেতন স্কেল-২০১৫-এর আওতায় বিভিন্ন গ্রেডে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া যেসব কর্মকর্তা-কর্মচারীর চুক্তির মেয়াদ ওই তারিখের পরও বহাল রয়েছে, তাদের চুক্তি সংশোধন করে নতুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন নির্ধারণ করা হবে।
এ ক্ষেত্রে সংশ্লিষ্ট গ্রেড ও ধাপ অনুযায়ী ১ জুলাই থেকে বেতন পুনর্নির্ধারণ করা হবে। চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬-এর বিধান অনুযায়ী তারা বর্ধিত হারে বেতন পাবেন। তবে বার্ষিক বেতন বৃদ্ধির সুবিধা পাবেন না। চুক্তি অনুযায়ী প্রাপ্য অন্যান্য ভাতাও দেওয়া হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ১ জুলাই ২০২৬-এর পর চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া বা নিয়োগ পেতে যাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে অবসরের অব্যবহিত আগে জাতীয় বেতন স্কেলে যে গ্রেড ও ধাপে মূল বেতন পেতেন, নতুন বেতন স্কেলে সেই গ্রেড ও ধাপ বিবেচনায় নিয়ে চুক্তিভিত্তিক পদের বেতন নির্ধারণ করা হবে। বিদ্যমান চুক্তি থাকলে তা সংশোধন করতে হবে।
এ ক্ষেত্রে চুক্তি অনুযায়ী যোগদানের তারিখ থেকে নির্ধারিত বিধান অনুসারে বর্ধিত হারে বেতন ও প্রযোজ্য ভাতা দেওয়া হবে। তবে বিশেষ ক্ষেত্রে সরকার নির্ধারিত বেতন অথবা সরকার ও নিয়োগপ্রাপ্ত ব্যক্তির পারস্পরিক সম্মতিতে চুক্তিতে নির্ধারিত বেতনই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, চুক্তিভিত্তিক নিয়োগে নির্ধারিত বেতন থেকে সংশ্লিষ্ট ব্যক্তির মোট পেনশন—কম্যুটেশন বা সমর্পণের আগের অঙ্ক—এবং প্রযোজ্য ক্ষেত্রে বিশেষ অতিরিক্ত পেনশন বাদ দেওয়া হবে না।
তবে চুক্তিভিত্তিক নিয়োগকালীন চাকরির জন্য কোনো ইনক্রিমেন্ট বা বার্ষিক বেতন বৃদ্ধি, আনুতোষিক কিংবা বর্ধিত পেনশন দেওয়া হবে না। একই সঙ্গে এ বিষয়ে অর্থ বিভাগের ২০১৬ সালের ২৬ জানুয়ারি জারি করা আগের প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে।


















