মার্কিন পারমাণবিক অস্ত্র কেন্দ্রে আগুন

- প্রকাশের সময় : ০১:২৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
- / 10

যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র কর্মসূচির অন্যতম প্রধান সহায়ক পারমাণবিক গবেষণা কেন্দ্র সাভানা রিভার সাইট (এসআরএস)-এর অন্তর্গত সাভানা রিভার ন্যাশনাল ল্যাবরেটরিতে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মার্কিন জ্বালানি বিভাগ। আইকেনের কাছে অবস্থিত এই কমপ্লেক্সে বুধবার সন্ধ্যায় আগুনের সূত্রপাত হয় এবং পরবর্তীতে তা নিভিয়ে ফেলা হয়।
সরকারি এক বিবৃতিতে দফতরটি নিশ্চিত করেছে যে, ক্ষতিগ্রস্ত সুবিধার বাইরে কোনো প্রকার তেজস্ক্রিয়তার দূষণ ছড়ানোর খবর পাওয়া যায়নি।
ঘটনাটি ঘটার পরপরই জরুরি প্রোটোকল সক্রিয় করা হয়েছিল। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উদ্ধার বা জরুরি সাড়াদান কাজের সাথে সরাসরি যুক্ত নন, এমন সকল কর্মীদের নিজ নিজ কার্যক্রম স্থগিত রেখে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ প্রদান করা হয়। পাশাপাসি নতুন কোনো যানবাহন যাতে কমপ্লেক্সে প্রবেশ করতে না পারে সে জন্য এলাকাটির প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয় এবং পার্শ্ববর্তী রেলপথ, নদী ও আকাশপথের চলাচলেও সাময়িক বিধিনিষেধ জারি করা হয়।
পরবর্তীতে রাত ৯টা ৪৫ মিনিটে পরিস্থিতি পর্যালোচনার পর তেজস্ক্রিয়তা জরিপ চালিয়ে ক্ষতিকারক কোনো উপাদানের উপস্থিতি না পাওয়ায় কর্তৃপক্ষ জরুরি অবস্থা প্রত্যাহার করে নেয়। সেই সাথে আগে গৃহীত সমস্ত প্রতিরক্ষামূলক ব্যবস্থা তুলে নেওয়া হয় এবং বৃহস্পতিবার থেকে সাইটটিকে স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু করার অনুমতি দেওয়া হয়।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে যে, আগুনটি মূলতঃ একটি মাত্র কক্ষে সীমাবদ্ধ ছিল এবং এর ফলে ভূমি স্তরে ফিল্টারহীন তেজস্ক্রিয়তা নির্গমনের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় অন্তত একজন কর্মী সামান্য আহত হয়েছেন এবং তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিংশ শতাব্দীর পঞ্চাশের দশকের সূচনালগ্নে স্নায়ুযুদ্ধের সময়ে প্রতিষ্ঠিত এসআরএস মূলত মার্কিন পারমাণবিক অস্ত্রের জন্য প্রয়োজনীয় প্লুটোনিয়াম এবং ট্রিটিয়াম উৎপাদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। যদিও পরবর্তীতে এর উৎপাদনকারী রিয়্যাক্টরগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, তবুও মার্কিন পারমাণবিক অস্ত্রাগার রক্ষণাবেক্ষণে ও তাদের সক্ষমতা সচল রাখতে এই কমপ্লেক্সটি এখনও অত্যন্ত কেন্দ্রীয় ভূমিকা পালন করে চলেছে।
এসআরএস মূলত পারমাণবিক ওয়ারহেডের বিস্ফোরণ ক্ষমতা বৃদ্ধি করতে ব্যবহৃত হাইড্রোজেনের একটি তেজস্ক্রিয় আইসোটোপ; ট্রিটিয়াম প্রক্রিয়াজাতকরণ এবং পুনঃপূরণের কাজ করে থাকে। এছাড়া এই কেন্দ্রটি পারমাণবিক উপকরণ ব্যবস্থাপনা, তেজস্ক্রিয় বর্জ্য শোধন এবং পরিবেশগত পরিষ্কার-পরিচ্ছন্নতার মতো দায়িত্বশীল কাজ পরিচালনা করে। একই সাথে দেশের পারমাণবিক অস্ত্রের মজুত আধুনিকীকরণের প্রচেষ্টার অংশ হিসেবে পারমাণবিক ওয়ারহেডের জন্য প্লুটোনিয়াম কোর তৈরির একটি সুবিধাকেন্দ্রও এই এসআরএস-এ গড়ে তুলছে মার্কিন সরকার।


















