তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন জাবি অধ্যাপক নাহরিন ইসলাম খান
- প্রকাশের সময় : ০৫:১৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
- / 22
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান।
শনিবার (১৭ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-২ শাখার উপসচিব খাদিজা তাহেরা ববি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, তথ্য অধিকার আইন, ২০০৯-এর ১৫(১) ধারা অনুযায়ী জনস্বার্থে অধ্যাপক নাহরিন ইসলাম খানকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
অধ্যাপক নাহরিন ইসলাম খান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল ও পরিবেশ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে জার্মানির ফ্রেইবুর্গ বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশগত শাসন বিষয়ে স্নাতকোত্তর এবং মারবুর্গ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।
শিক্ষকতার পাশাপাশি গণমাধ্যমেও কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২০০২ থেকে ২০০৩ সাল পর্যন্ত বাংলাদেশ টেলিভিশনে সংবাদ প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পরে ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত আরটিভিতে অনুষ্ঠান প্রযোজক ও উপস্থাপক হিসেবে কাজ করেন।
তাঁর গবেষণার ক্ষেত্রের মধ্যে রয়েছে পরিবেশগত শাসন, টেকসই উন্নয়ন ও পরিবেশগত সংঘাত ব্যবস্থাপনা।

























