কয়রায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ
- প্রকাশের সময় : ০৯:৩৮:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- / 6
খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের প্রত্যেককে দুই বান্ডিল করে মোট ছয় বান্ডিল ঢেউটিন এবং ৬ হাজার টাকা করে মোট ১৮ হাজার টাকা নগদ অর্থ দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল বাকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল্লাহ আল জাবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল বাকী বলেন, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সরকার সবসময় রয়েছে। ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা ও পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।





















