মান্দায় অবৈধ ইটভাটায় অভিযান, এক লাখ টাকা জরিমানা
- প্রকাশের সময় : ০২:০৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- / 5
নওগাঁর মান্দায় নির্মাণাধীন একটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভাটার নির্মাণকাজ বন্ধ রাখতে কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিটে উপজেলার মৈনম (কানার মোড়) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নওগাঁ পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহমেদ।
অভিযানে দেখা যায়, যথাযথ কাগজপত্র ছাড়াই মেসার্স এআরএ ব্রিকস নামের পুরোনো ইটভাটা ভেঙে নতুন করে ইটভাটা নির্মাণের কাজ চলছিল। এ ঘটনায় ইটভাটা কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে এক লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়া পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখার জন্য কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নাজমুল হোসাইন। নওগাঁ ব্যাটালিয়ন আনসারের একটি দল মোবাইল কোর্টে নিরাপত্তার দায়িত্ব পালন করে।
পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক মোহাম্মদ নাজমুল হোসাইন।
























