স্ত্রীর মৃত্যুর পর হাসপাতাল থেকে পালানোর চেষ্টা, স্বামী গ্রেফতার
- প্রকাশের সময় : ০৮:৩৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- / 14
গাইবান্ধার পলাশবাড়ীতে মুমূর্ষু স্ত্রীকে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক মৃত ঘোষণা করলে দ্রুত গাড়ি চালিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পরে অভিযান চালিয়ে মোরসেলিম আকাশ সিয়াম (২৮) নামে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে হত্যা মামলা করেছেন।
নিহত শাহিনা বেগম (২২) সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর এলাকার মৃত শাহাজাদা মিয়া ও রহিমা বেগমের মেয়ে। তিনি পলাশবাড়ী সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। গ্রেফতার সিয়াম পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের মাজহারুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে সিয়াম নিজেই গাড়ি চালিয়ে মুমূর্ষু অবস্থায় স্ত্রী শাহিনাকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক ইসিজি পরীক্ষা করে শাহিনাকে মৃত ঘোষণা করেন। এরপর সিয়াম দ্রুত গাড়ি চালিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় দায়িত্বে থাকা আনসার সদস্যরা তাকে আটকানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শামা তাবাসসুম জানান, শাহিনাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। তার গলায় আঘাতের চিহ্ন ছিল বলেও জানান তিনি।
নিহতের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই মাদকাসক্ত সিয়াম বিভিন্ন বিষয় নিয়ে শাহিনাকে মারধর করতেন। এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হলেও সমস্যার সমাধান হয়নি। বৃহস্পতিবারও শাহিনাকে মারধর করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তার মা রহিমা বেগম।
নিহতের চাচা মাজিদুর রহমানও জানান, মাদকাসক্ত হওয়ার কারণে সিয়াম প্রায়ই শাহিনাকে মারধর করতেন। এ নিয়ে পরিবারের পক্ষ থেকে একাধিকবার সালিশ বৈঠক করা হয়েছিল।
জানা গেছে, প্রেমের সম্পর্কের পর শাহিনাকে বিয়ে করেছিলেন সিয়াম। তাদের সংসারে আয়াশ (৪) ও আয়াত (১) নামে দুই ছেলে রয়েছে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান জানান, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে সিয়ামকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও জানান, শুক্রবার দুপুরে গ্রেফতার সিয়ামকে আদালতে পাঠানো হয়।






















