ডিসেম্বরে আ. লীগকে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে: রাশেদ খান
- প্রকাশের সময় : ০৫:৩৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- / 3
আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে গোপনে আঁতাত করে জামায়াত দেশকে অশান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেন, একের পর এক লংমার্চ কর্মসূচির ঘোষণা সেই ষড়যন্ত্রের অংশ। ডিসেম্বরে আওয়ামী লীগকে ফেরানোর জন্য জামায়াত অপচেষ্টা চালাচ্ছে বলেও দাবি করেন তিনি।
শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদরাসা প্রাঙ্গণে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রাশেদ খান।
প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী বলেন, ভারতের একের পর এক অনুরোধ সত্ত্বেও প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাননি। পলাতক শেখ হাসিনা ও শহীদ ওসমান হাদীর খুনিদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী ভারত সফর করবেন না বলেও জানান তিনি।
রাশেদ খান বলেন, বিদ্যুৎ ও গ্যাস সংকট দেশের জাতীয় সমস্যা। এ সংকট নিরসনে সরকারের পাশাপাশি বিরোধী দলের গঠনমূলক ভূমিকা প্রয়োজন। কিন্তু গ্যাস ও বিদ্যুৎ সংকটের অজুহাতে বিরোধী দল লংমার্চ করছে। লংমার্চ করে সমস্যার সমাধান হবে কি না, সে প্রশ্নও তোলেন তিনি।
তিনি বলেন, ‘ভারতের সঙ্গে আঁতাত করে ডিসেম্বরে আওয়ামী লীগকে ফেরানোর জন্য জামায়াত অপচেষ্টা চালাচ্ছে। আওয়ামী লীগের ভাষা ও জামায়াতের আমিরের ভাষা একই সূত্রে গাঁথা।’
জ্বালানি সংকট থেকে উত্তরণে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান রাশেদ খান। একই সঙ্গে ঝিনাইদহসহ দেশের বিভিন্ন হাসপাতালের জনবল সংকট নিরসন ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।
পরে স্থানীয় শিশু-কিশোরদের সঙ্গে মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা দেন রাশেদ খান। এ সময় জেলা বিএনপির সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, যুগ্ম সম্পাদক এম শাহজাহান আলী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সমীনুজ্জামান সমীন, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





















