আগামী মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ নির্মাণকাজের উদ্বোধন: পানি সম্পদ মন্ত্রী
- প্রকাশের সময় : ০৩:৪১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- / 5
আগামী বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি বা মার্চের সম্ভাব্য কোনো সময়ে প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজ নির্মাণকাজের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি।
শুক্রবার দুপুরে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর এলাকায় পদ্মা ব্যারেজ নির্মাণের প্রস্তাবিত স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
পানি সম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘একটা অর্থনৈতিক রূপান্তর, অর্থনৈতিক বিপ্লবের জন্য এই প্রকল্প মাস্টারমাইন্ড মেগা প্রকল্প। এটি বাস্তবায়নের মধ্য দিয়ে ২৪টি জেলায় অর্থনৈতিক রূপান্তর ঘটাব। কৃষিবিপ্লব হবে, বিদ্যুৎ উৎপাদন হবে, মাছের চাষ হবে, উৎপাদন বৃদ্ধি পাবে।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী নির্বাচনের আগে আপনাদের ওয়াদা দিয়েছিলেন, নির্বাচনের ইশতেহারে নিয়ে এসেছিলেন। আজ তাঁর হাত ধরে এটি বাস্তবায়ন হতে যাচ্ছে। এজন্য পানি সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং ২৪টি জেলার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।’
পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রস্তাবিত স্থান পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পরে হাবাসপুর কে রাজ উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপির আয়োজনে জনসভায় বক্তব্য দেন পানি সম্পদ মন্ত্রী।






















