কেপ ভার্দেতে বাস খাদে পড়ে নিহত ২৫ শিশু-কিশোর
- প্রকাশের সময় : ১০:৩৫:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
- / 12
পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে শিক্ষা সফরের একটি বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। নিহতদের অধিকাংশই শিশু ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
শনিবার গভীর রাতে দেশটির ফোগো দ্বীপে এ দুর্ঘটনা ঘটে। ফোগো দ্বীপের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান জোসে কানুতো সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, দুর্ঘটনাকবলিত বাসটিতে মোট ৩২ জন যাত্রী ছিলেন। পিকো দো ফোগো আগ্নেয়গিরির মৃত জ্বালামুখের কাছে অবস্থিত চা দাস কালদেইরাস গ্রামে শিক্ষা সফর শেষে সাও ফিলিপ শহরে ফেরার পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে গভীর গিরিখাতে পড়ে যায়।
বাসটির চালকই ওই শিক্ষা সফরের আয়োজন করেছিলেন। প্রতি বছর তিনি নিজ খরচে কয়েকজন স্কুলশিক্ষার্থীকে দেশের বিভিন্ন এলাকায় শিক্ষা সফরে নিয়ে যেতেন। এবারও তিনি শিক্ষার্থীদের নিয়ে সফরে গিয়েছিলেন। দুর্ঘটনায় তিনিও নিহত হয়েছেন।
দুর্ঘটনার পর জরুরি উদ্ধারকর্মীরা রাতভর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে কাজ করেন। দুর্গম পাথুরে উপত্যকায় বাসটি গিয়ে থেমে যাওয়ায় উদ্ধারকাজে বেশ বেগ পেতে হয়।
রোববার ভোরে নিহত সাতজনকে দাফন করা হয়েছে। বাকি মরদেহগুলোও দিনের পরবর্তী সময়ে দাফন করার কথা রয়েছে।
কেপ ভার্দেতে সড়ক দুর্ঘটনা তুলনামূলকভাবে বিরল। দেশটির সড়কের অবস্থা ভালো এবং যানবাহনের রক্ষণাবেক্ষণও সাধারণত উন্নত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: এএফপি, এনডিটিভি























