৭৫০ কেজি মাদক জব্দের মামলায় মিশরে টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড
- প্রকাশের সময় : ১২:৫৩:১৯ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
- / 6
মাদক তৈরি ও পাচারের মামলায় মিসরের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা সারাহ খলিফাসহ ১২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।
রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদপত্র আল-আহরামের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, কায়রোর একটি আদালত সারাহ খলিফা ও অপর ১১ আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। তাঁদের বিরুদ্ধে মাদক তৈরির উপকরণ আমদানি, মাদক উৎপাদন ও পাচারের উদ্দেশ্যে সংঘবদ্ধ অপরাধী চক্র গঠনের অভিযোগ আনা হয়।
এ ছাড়া আসামিদের বিরুদ্ধে লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র ও গুলি রাখার অভিযোগও রয়েছে।
৩৯ বছর বয়সী সারাহ খলিফা মিসরে ‘মিশন ইমপসিবল’ নামের একটি অনুষ্ঠানের উপস্থাপিকা হিসেবে পরিচিত। অনুষ্ঠানটিতে নিরাপত্তা ও অপরাধসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হতো। তবে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
সারাহ খলিফার দাবি, মাদকবিরোধী সংস্থার কর্মকর্তারা তাঁকে মাদকের সামনে দাঁড় করিয়ে ছবি তুলেছেন। তাঁর ভাষ্য, এর আগে জীবনে তিনি কখনো মাদক দেখেননি।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আখবার এল-ইয়োম জানিয়েছে, আসামিদের বিরুদ্ধে বিদেশ থেকে মাদক তৈরির উপকরণ আমদানি করে কৃত্রিম মাদক উৎপাদন এবং পাচারের উদ্দেশ্যে তা মজুত করার অভিযোগ আনা হয়েছে।
আল-আহরামের প্রতিবেদনে বলা হয়েছে, মামলায় আসামিদের কাছ থেকে ৭৫০ কেজির বেশি মাদক ও মাদক তৈরির কাঁচামাল জব্দ করা হয়েছে। এ ছাড়া মাদক তৈরির জন্য দুটি অ্যাপার্টমেন্টকে পরীক্ষাগার হিসেবে ব্যবহার করা হতো বলে তদন্তে তথ্য পাওয়া গেছে। সেখান থেকে লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র ও গুলিও উদ্ধার করা হয়।
মামলার বিচারকাজে ২০ জন সাক্ষ্য দিয়েছেন। পাশাপাশি আসামিদের কথোপকথনের রেকর্ড, ভিডিওসহ বিভিন্ন ইলেকট্রনিক প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে।
রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল করার সুযোগ রয়েছে।
এদিকে সারাহ খলিফাসহ কয়েকজনকে এক তরুণকে অপহরণ ও মারধরের পৃথক মামলায় পাঁচ বছরের কারাদণ্ডও দেওয়া হয়েছে।
সারাহ খলিফার একটি কসমেটিক সার্জারি ক্লিনিক এবং অনুষ্ঠান আয়োজনের জন্য একটি প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে।
সূত্র: এএফপি, আল-আহরাম, গার্ডিয়ান




















