রাজবাড়ীতে সাপ্তাহিক পাংশা বার্তার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- প্রকাশের সময় : ১২:৪০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / 9
রাজবাড়ীর পাংশা থেকে প্রকাশিত সম্পাদক রফিকুল ইসলাম রনজুর সম্পাদনায় বহুল প্রচারিত ও পাঠকপ্রিয় সাপ্তাহিক পাংশা বার্তা পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পাংশা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় দৈনিক স্বদেশ প্রতিদিনের রাজবাড়ী জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিঠুন কুমার গোস্বামী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাকিবুর রহমান। এছাড়া পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হকসহ পাংশা উপজেলা প্রেসক্লাবের সদস্য, জাতীয় দৈনিক পত্রিকা, স্যাটেলাইট টেলিভিশন, অনলাইন মিডিয়া ও স্থানীয় পত্রিকার সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাকিবুর রহমান বলেন, স্থানীয় সংবাদমাধ্যম এলাকার মানুষের সঙ্গে প্রশাসনের সেতুবন্ধন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের ইতিবাচক পরিবর্তনে গণমাধ্যম আরও কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক বলেন, দীর্ঘ ৩৪ বছর ধরে পাংশা বার্তার পথচলা স্থানীয় গণমাধ্যমের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন। তিনি পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
সাপ্তাহিক পাংশা বার্তার সম্পাদক ও প্রকাশক রফিকুল ইসলাম রনজু বলেন, “৩৪ বছরের পথচলায় পাঠক, শুভানুধ্যায়ী ও সংবাদকর্মীদের সহযোগিতা আমাদের অনুপ্রেরণা দিয়েছে। আগামীতেও সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে পাংশার মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।”
সমাপনী বক্তব্যে পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, “আজ আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের একটি দিন। সাপ্তাহিক পাংশা বার্তা ৩৪ বছরে পদার্পণ করেছে। দীর্ঘ এই পথচলায় যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পত্রিকার পাশে থেকেছেন, পত্রিকার সঙ্গে যুক্ত থেকেছেন এবং ভালোবাসা ও সহযোগিতা করেছেন—তাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”
তিনি আরও বলেন, একটি স্থানীয় সংবাদপত্রের ৩৪ বছর ধরে টিকে থাকা সহজ বিষয় নয়। নানা প্রতিকূলতা, সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করেই পত্রিকাটিকে এগিয়ে যেতে হয়েছে। তবে পাঠকের ভালোবাসা, সাংবাদিকদের পরিশ্রম ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা সবসময় পত্রিকাটিকে সাহস জুগিয়েছে।
পরে কেক কেটে সাপ্তাহিক পাংশা বার্তার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় বক্তারা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘ পথচলা কামনা করেন।






















