নথি টেম্পারিংয়ের অভিযোগে পোরশার নকল নবীস সাময়িক বরখাস্ত
- প্রকাশের সময় : ০৫:২৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- / 3
সরকারি নথিতে কাটাছেঁড়া বা টেম্পারিংয়ের অভিযোগে নওগাঁর পোরশা উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের নকল নবীস আমির উদ্দিন বাবুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই ঘটনায় আরও দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জেলা রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা গেছে।
জানা গেছে, ১৪২১/৪৭১ নম্বর বালাম বইয়ের একটি স্থানে ‘১২৫’ সংখ্যাটি কেটে ‘১৩৫’ করার অভিযোগ ওঠে। বিষয়টি নজরে আসার পর সংশ্লিষ্ট রেকর্ড ও রেজিস্টার যাচাই করে দেখা যায়, বালাম বইটি পর্যায়ক্রমে তিনজনের কাছে ছিল। পরে তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। জবাব সন্তোষজনক না হওয়ায় তিনজনকেই সাময়িক বরখাস্ত করা হয়।
বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্ট রেজিস্ট্রারদের কাছে পাঠানো হয়েছে। নথির হাতের লেখা ও অন্যান্য বিষয় যাচাইয়ের পাশাপাশি ফরেনসিক পরীক্ষার সুপারিশও করা হয়েছে। বর্তমানে বিষয়টি তদন্তাধীন থাকায় নথি টেম্পারিংয়ের ঘটনায় কারা সরাসরি জড়িত, তা এখনো চূড়ান্তভাবে নির্ধারিত হয়নি।
এদিকে, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে সাংবাদিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন ভূমি অফিসে দালালির অভিযোগও করেছেন স্থানীয় কয়েকজন। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। অভিযোগের বিষয়ে তার বক্তব্যও পাওয়া যায়নি।

















