রাজধানীতে ব্যাটারিচালিত রিকশায় অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে অভিযান
- প্রকাশের সময় : ০৫:৫৭:২২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / 1
রাজধানীর লালবাগে ব্যাটারিচালিত রিকশা চার্জ দেওয়ার জন্য অবৈধভাবে নেওয়া বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক লালবাগ বিভাগ। অভিযানে অবৈধ সংযোগে ব্যবহৃত বৈদ্যুতিক তার, চার্জিং অ্যাডাপ্টার ও একটি বৈদ্যুতিক মিটারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
রবিবার দুপুর সাড়ে ২টার দিকে লালবাগ থানার রাজধারায়ণ রোড (আর অ্যান্ড ডি) এলাকায় এ অভিযান চালানো হয়।
ট্রাফিক লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এহসানুল কামরান তানভীরের নেতৃত্বে পরিচালিত অভিযানে ডিপিডিসি, থানা-পুলিশ ও পিওএম ফোর্সের সদস্যরা সহযোগিতা করেন। অভিযানকালে অবৈধ বিদ্যুৎ সংযোগে ব্যবহৃত আনুমানিক ২০ মিটার বৈদ্যুতিক তার, একাধিক চার্জিং অ্যাডাপ্টার, একটি বৈদ্যুতিক মিটারসহ সংশ্লিষ্ট বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। একইসঙ্গে অবৈধ বিদ্যুৎ সংযোগগুলো বিচ্ছিন্ন করা হয়।
অভিযানে কোতোয়ালি ও লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এবং ট্রাফিক বিভাগের পরিদর্শকরা (টিআই) উপস্থিত ছিলেন।
পুলিশ জানিয়েছে, অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে ব্যাটারিচালিত রিকশা চার্জ দেওয়ার কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অবৈধ বিদ্যুৎ সংযোগ শনাক্ত করে তা বিচ্ছিন্ন করার ক্ষেত্রেও নিয়মিত অভিযান চালানো হবে।






















