নওগাঁয় ১২০ ইয়াবা ট্যাবলেটসহ তিনজন গ্রেপ্তার
- প্রকাশের সময় : ০৪:০০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- / 4
নওগাঁর বদলগাছীতে অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৬ আগস্ট) রাতে বদলগাছী উপজেলার হলুদ বিহার গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হলুদ বিহার গ্রামের ময়েন উদ্দিনের ছেলে সুমন হোসেন (৩৬), কোলার পালশা গ্রামের মৃত আহমেদ আলীর ছেলে গোলাম মোস্তফা (২৮) এবং খামার আক্কেলপুর গ্রামের মৃত শাহজাহানের ছেলে আবুল কাশেম (৪৬)।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসিবুল্লাহ হাসিবের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, বদলগাছী থানার হলুদ বিহার গ্রামের সুমন হোসেনের বাড়িতে মাদক বিক্রির উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছেন। পরে রাত ১০টার দিকে সেখানে অভিযান চালানো হয়।
অভিযানকালে উপস্থিত লোকজনের সামনে সুমন হোসেনের দেহ তল্লাশি করে তার পরনের প্যান্টের পকেট থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তার দুই সহযোগী গোলাম মোস্তফা ও আবুল কাশেমকেও গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।
























