বিড়ালের মতো ‘মিউ মিউ’ করা ভাইরাল সেই শিশুর জলাতঙ্ক হয়নি
- প্রকাশের সময় : ০৫:১৯:০০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- / 19
কুষ্টিয়ার ভেড়ামারায় পোষা বিড়ালের আঁচড়ের পর অস্বাভাবিক আচরণ করা পাঁচ বছরের শিশু মুস্তারিন আদ্রিতার জলাতঙ্ক হয়নি। চিকিৎসকেরা তাঁর অস্বাভাবিক আচরণকে প্যানিক অ্যাটাক হিসেবে চিহ্নিত করেছেন। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন এবং সুস্থ রয়েছে বলে জানিয়েছেন তার মা।
সম্প্রতি শিশুটির বিড়ালের মতো ‘মিউ মিউ’ শব্দ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর অনেকেই শিশুটির এমন আচরণকে বিড়ালের আঁচড় ও জলাতঙ্কের সঙ্গে সম্পৃক্ত করে নানা মন্তব্য করেন।
শিশুটির মা জানান, তাঁর মেয়ে গত দুই বছর ধরে ঠান্ডা ও অ্যাজমার সমস্যায় ভুগছে। কুষ্টিয়ায় চিকিৎসাধীন থাকার পাশাপাশি কয়েকবার তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। সম্প্রতি কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে তাকে ঢাকার মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, শিশুটির জলাতঙ্ক হয়নি; বরং প্যানিক অ্যাটাকের কারণে এমন আচরণ করেছে। বর্তমানে সে অনুযায়ীই তার চিকিৎসা চলছে। তবে তার কাশি কিছুটা বেশি রয়েছে।
শিশুটির মা আরও জানান, তাদের বাসায় দুটি পোষা বিড়াল ছিল। বিড়াল দুটি হঠাৎ চলে যাওয়ার পর শিশুটির মধ্যে আতঙ্ক তৈরি হয়। পরে তার প্যানিক অ্যাটাক হতে পারে বলে তারা ধারণা করছেন।
তিনি বলেন, বিড়ালটি অনেক আগেই শিশুটিকে আঁচড় দিয়েছিল। তখন শিশুটিকে জলাতঙ্কের টিকা দেওয়া হয়। পোষা বিড়ালগুলোকেও টিকা দেওয়া ছিল।
বর্তমানে শিশুটির বুকের এক্স-রে করা হয়েছে। রিপোর্ট ভালো থাকলে এক-দুই দিনের মধ্যে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে বলে জানান তার মা।
এর আগে গত ২২ আগস্ট কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হোসেনও শিশুটির মধ্যে জলাতঙ্কের কোনো লক্ষণ পাওয়া যায়নি বলে জানিয়েছিলেন। তিনি বলেন, শিশুটির ‘মিউ মিউ’ করা বা অস্বাভাবিক আচরণ জলাতঙ্কের কারণে হয়েছে—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। ভয়, আতঙ্ক বা অতিরিক্ত মানসিক চাপ থেকেও শিশুদের মধ্যে এ ধরনের আচরণ দেখা দিতে পারে।





















