সাভারে পাঁচ হাতবোমাসহ যুবক আটক, তিনতলা ভবন ঘিরে সিটিটিসির অভিযান
- প্রকাশের সময় : ০৮:৫১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / 8
সাভারের হেমায়েতপুরের শ্যামপুর এলাকা থেকে পাঁচটি তাজা হাতবোমাসহ আরিফ হোসেন (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। আটক যুবকের দেওয়া তথ্যের ভিত্তিতে কাছের একটি তিনতলা ভবন ঘিরে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আব্দুল জলিলের মালিকানাধীন ভবনটি ঘিরে ফেলে সিটিটিসি ও পুলিশ। রাত সাড়ে ১১টা পর্যন্ত সেখানে অভিযান চলছিল।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, হেমায়েতপুরের শ্যামপুর এলাকা থেকে পাঁচটি হাতবোমা ও বিস্ফোরকসহ এক যুবককে আটক করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি জানান, ভবনটি চলতি মাসের ১ তারিখে ভাড়া নেওয়া হয়। সেখানে বিস্ফোরক রাখা হয়েছিল। অভিযান চালিয়ে ভবনটি থেকে জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)–এর বেশ কিছু লিফলেট, কয়েকটি ককটেলসদৃশ বস্তু এবং বোমা তৈরির উপকরণ ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে জেএমবির কর্মকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।
ওসি আরও বলেন, আটক যুবককে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। ভবনটি ঘিরে রাখা হয়েছে, যাতে সাধারণ মানুষের কোনো ক্ষতি না হয়। এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে অভিযানের কারণে শ্যামপুর ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে ভবনটির আশপাশে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
























