রাশিয়ায় নতুন করে ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির
- প্রকাশের সময় : ১২:৩০:২৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / 4
ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর হয়ে লড়াই করতে রাশিয়ায় নতুন করে অন্তত ৫০ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ দাবি করেছেন।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জেলেনস্কি বলেন, খুব শিগগিরই উত্তর কোরিয়া রাশিয়ায় কমপক্ষে ৫০ হাজার নতুন সেনা পাঠাবে। এ বিষয়ে রাশিয়া ও উত্তর কোরিয়া চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বলেও দাবি করেন তিনি। নতুন এসব সেনাকে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে মোতায়েন করা হবে।
তবে এই তথ্যের উৎস সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি জেলেনস্কি। তিনি বলেন, সম্প্রতি ইউক্রেনের ভূখণ্ডে উত্তর কোরিয়ার তৈরি কয়েকটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। তার দাবি, রাশিয়ার কাছ থেকে লাইসেন্স ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে রাশিয়ার ভেতরেই এসব ক্ষেপণাস্ত্রসহ অন্যান্য সমরাস্ত্র তৈরি করা হয়েছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সহযোগিতার পাশাপাশি দক্ষিণ কোরিয়ার সঙ্গে ইউক্রেনের সামরিক সহযোগিতা বাড়ানোর কথাও জানিয়েছেন জেলেনস্কি। তিনি বলেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতি পূরণে দক্ষিণ কোরিয়ার কাছ থেকে সহযোগিতা পাওয়ার আশা করছে ইউক্রেন। একই সঙ্গে ড্রোন উৎপাদনসহ অন্যান্য সামরিক খাতেও দুই দেশ একসঙ্গে কাজ করতে প্রস্তুত।
২০২৪ সালের জুনে উত্তর কোরিয়া সফর করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে একটি বিস্তৃত কৌশলগত চুক্তি করেন তিনি। চুক্তি অনুযায়ী, কোনো একটি দেশ বাইরের কোনো শক্তির হামলার শিকার হলে অপর দেশ সহযোগিতায় এগিয়ে আসবে।
চুক্তির পর ২০২৪ সালেই প্রথমবারের মতো রাশিয়ায় প্রায় ১৪ হাজার সেনা পাঠায় উত্তর কোরিয়া বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে চলতি আগস্টে ইউক্রেনের সামরিক গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, রুশ বাহিনীকে সহযোগিতা করতে নিয়মিত সেনাদের পাশাপাশি উত্তর কোরিয়া ১২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ছয়টি উৎক্ষেপণযন্ত্রসহ একটি ক্ষেপণাস্ত্র ইউনিট রাশিয়ায় পাঠিয়েছে। ইউনিটটিকে রাশিয়ার পশ্চিমাঞ্চলে মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।
সূত্র: রয়টার্স



















