স্কুলশিক্ষার্থীকে ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার
- প্রকাশের সময় : ০৪:৩৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- / 15
নেত্রকোণা সদর উপজেলায় ১৫ বছর বয়সী এক স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দায়ের মামলায় পলাতক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আজ শুক্রবার ময়মনসিংহের গৌরিপুর থানার অচিন্তপুর এলাকায় অভিযান চালিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১৪) একটি দল তাকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমীন জানান, যথাযথ আইনি প্রক্রিয়ায় তাকে নেত্রকোণা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে ৫ আগস্ট ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে নেত্রকোণা সদর মডেল থানায় রিপন মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, অভিযুক্ত রিপন মিয়া ৩০ জুলাই রাতে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করেন।
নেত্রকোণা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ঘটনাটি জানাজানি হলে সোমবার রাতে স্থানীয় প্রভাবশালীদের নিয়ে সালিশ বসে। সেখানে রিপনকে পাঁচ লাখ টাকা জরিমানা এবং এলাকা ছাড়ার নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত হয়।
সালিশের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার নেত্রকোণা সদর মডেল থানার পুলিশ ওই শিক্ষার্থীর পরিবারের সঙ্গে কথা বলে এবং তাদের থানায় নিয়ে আসে। এরপর রাতে মামলা হয়। তখন থেকেই রিপন মিয়া পলাতক ছিলেন।
ওসি আবুল খায়ের আজ শুক্রবার জানান, র্যাব-১৪ গ্রেপ্তার রিপন মিয়াকে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাকে নেত্রকোণায় নিয়ে আসার পর দ্রুততম সময়ে আদালতে হাজির করা হবে।





















